তিন শর দিকে ছুটছে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শফিউল দিয়েছিলেন প্রথম ধাক্কা। ছবি: শামসুল হক
শফিউল দিয়েছিলেন প্রথম ধাক্কা। ছবি: শামসুল হক

বিনা উইকেটে ৪১। সেটিও সাত ওভারে। ইংল্যান্ড ভালো শুরুই করেছিল। কিন্তু মুহূর্তে ম্যাচের রং বদলে দিল বাংলাদেশ। ৬৩ রান তুলতে না তুলতে ইংল্যান্ডের তিন উইকেট নেই। সেখান থেকেই দুই বেন ঘুরিয়ে দিচ্ছে ম্যাচের মোড়। বেন স্টোকস আর বেন ডাকেটের দুর্দান্ত জুটিতে ৩৫ ওভারে ২০০ তুলেছে ইংল্যান্ড। ৩ উইকেটেই। এরই মধ্যে এই জুটি যে ১৩৭ রানে অবিচ্ছিন্ন!
বাংলাদেশ ধাক্কাটা ভালোই দিয়েছিল। এর মধ্যে ৬১ আর ৬৩ রানে ইংল্যান্ড হারিয়েছে দুই ব্যাটসম্যান। এই ম্যাচেই অভিষিক্ত বেন ডাকেট বেশ ভালোই সামলে নিলেন। তবে চড়াও হয়েছেন বেন স্টোকস। ৮৮ রানে অপরাজিত তিনি। ডাকেটও অভিষেকে ৫০‍+ ইনিংস খেলে ২১তম ব্যাটসম্যান হয়ে গেছেন। সেঞ্চুরি পেলে অভিষেকে সেঞ্চুরি করা তৃতীয় ইংলিশ হবেন। সেটি অবশ্য এখনো ৪৭ রান দূরের পথ।
পথ খুঁজে পাচ্ছে না বাংলাদেশের বোলাররা। অষ্টম ওভারে প্রথম আঘাত হানেন শফিউল। মিড অনে মাশরাফির ক্যাচ বানান ভিন্সকে (১৬)। নিজের চতুর্থ আর ইনিংসের ১২তম ওভারে জেসন রয়কে (৪১)। ফেরান সাকিব। লং অফে মাথা ঠান্ডা রেখে ক্যাচ নেন সাব্বির। শুরু থেকে ফিল্ডিংয়ে চনমনে সাব্বির পরের ওভারেই সরাসরি থ্রোয়ে রান আউট করেন জনি বেয়ারস্টোকে। বেয়ারস্টো তখনো রানের খাতাই খোলেননি।
সাব্বিরের মতো ফিল্ডিং কিন্তু তাঁর খুব কম সতীর্থ​ই দেখাতে পারছেন। স্টোকসকের ক্যাচই পড়েছে দুইবার। পরে ডাকেটেরও ক্যাচ ফেলেছেন রুবেল। ৩০০‍‍‍+ স্কোরের দিকেই ছুটছে ইংল্যান্ড।

(বলে বলের বাংলা ধারাভাষ্য প্রথম আলো অনলাইন সংস্করণে)