ইংল্যান্ডকে ভয় পায় না বাংলাদেশ
বেন স্টোকস, স্যাম কারেন নেই। চোটের কারণে জফরা আর্চারও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন না। আরেক ফাস্ট বোলার মার্ক উড দলে থাকলেও চোটের কারণে বাংলাদেশ দলের বিপক্ষে আগামীকালের ম্যাচে খেলবেন না। তবু দৃশ্যত ইংল্যান্ড দলে কোনো দুর্বলতা খুঁজে পাওয়া মুশকিল।
স্টোকস-কারেনদের অভাব বুঝতে দিচ্ছেন না ক্রিস ওকস। আর্চার-উডের শূন্যতাও টের পেতে দিচ্ছেন না বাঁহাতি ফাস্ট বোলার টাইমাল মিলস। আর বাঘা বাঘা ইংলিশ ব্যাটসম্যানের নাম বলে তো শেষ করা যাবে না। তবু মরগানের ইংল্যান্ড দলকে ভয় পাচ্ছে না বাংলাদেশ দল।
আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন এ কথাই বলছিলেন, ‘আমরা বিশ্বকাপের কোনো দলকে ভয় পাই না। ইংল্যান্ড খুবই শক্তিশালী ব্যাটিং দল। ওরা আগ্রাসী ক্রিকেট খেলবে। আমরা এখানে এসেছি প্রতিযোগিতা করতে, জিততে। কাল এটাই করার চেষ্টা করব।’
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দলের কোচের দায়িত্ব পালনের আগে ইংল্যান্ড দলের কোচ ছিলেন গিবসন। মরগান বাহিনীর মানসিকতা ও খেলার ধরন কেমন হবে, সেটি ভালোই জানা এই জ্যামাইকানের। কাল বাংলাদেশ দলের টিম মিটিংয়ে ইংল্যান্ড নিয়ে তাঁর ভাবনার কথা জানিয়েছেন ক্রিকেটারদের।
আজ সংবাদ সম্মেলনেও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের কৌশল কেমন হতে পারে, সেটির আভাস দিয়েছেন গিবসন।
‘ইংল্যান্ড ইতিবাচক মানসিকতা নিয়ে খেলবে। আমি আমাদের বোলার ও ব্যাটসম্যানদের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। ওদের বোলাররা সব সময় উইকেট নেওয়ার চেষ্টা করবে। ব্যাটসম্যানরাও সব সময় রান করে বোলারদের চাপে রাখতে চাইবে। ওদের বিপক্ষে অস্থির না হওয়ার বার্তা দিয়েছি ছেলেদের। একটা ভালো বল করেও হয়তো মার খাবে। কিন্তু তখন শান্ত থাকতে হবে। এভাবেই তারা খেলে, এটাই তাদের মানসিকতা। সেই সঙ্গে আমরা উইকেট নেওয়ার সুযোগও পাব। আমাদের শান্ত থাকতে হবে। দক্ষতা ও পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দিতে হবে। বোলারদের শান্ত থাকতে হবে যতটা সম্ভব,’ বলেছেন গিবসন।
তবে বাংলাদেশ দলের ইংল্যান্ড–বধের পরিকল্পনা যে অনেকটাই কন্ডিশননির্ভর, সেটিও বোঝা গেল গিবসনের কথায়। বিশাল বাউন্ডারির আবুধাবির উইকেট যদি স্পিন–সহায়ক হয়, সে ক্ষেত্রে ইংলিশদের চেপে ধরার সুযোগ থাকবে বাংলাদেশ দলের।
গিবসন বলছিলেন, ‘যদি কন্ডিশন আক্রমণাত্মক ক্রিকেট খেলতে সাহায্য না করে, তখন ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে দিয়ে আসবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওরা ৫৫ রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়েছে। মঈন রানআউট হয়েছিল। কিন্তু বাকি ব্যাটসম্যানরা আগ্রাসী খেলাটা খেলতে গিয়ে আউট হয়েছিল। আমরা যদি আমাদের দিনে ভালো খেলি, তাহলে ওরাই আমাদের জেতার বা ম্যাচে কিছু একটা করার সুযোগ করে দেবে। আমরা যদি ওই সুযোগগুলো নিই, তাহলে ফল আমাদের পক্ষে আসবে।’