ইংল্যান্ডকে সমীহ করতে হবে যে জায়গায়

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ৫ ওয়ানডের ৩টিতেই জিতেছে বাংলাদেশ। এই তিন জয়ের দুটিই বিশ্বকাপের বড় মঞ্চে। প্রথমটি ২০১১ সালে চট্টগ্রামে, দ্বিতীয়টি ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডের সেই অবিস্মরণীয় জয়। এর বাইরেও গত বছর অক্টোবরে ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ওয়ানডে সিরিজে ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। একটি ম্যাচ বাংলাদেশ জিতলেও হারের দুটিতে। একটি ওয়ানডেতে বাংলাদেশের হার তো ছিল অবিশ্বাস্য। ১৭ রানে শেষ ৬ উইকেট হারানো সেই ম্যাচটির আক্ষেপ বহুকাল তাড়া করে বেড়াবে বাংলাদেশকে।
মোটামুটি ভালো রেকর্ড সঙ্গী করেই ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির শুরুর ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, ম্যাচটাতে বাংলাদেশ ভালো করবে। খুব জোর কণ্ঠে জয়ের কথা না বললেও ওভালে আজ জয়ের আশাই থাকছে সবার মধ্যে। কারণ, ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ডই। ভিন্ন সংস্করণ হলেও অনেকের স্মৃতিপটেই ভেসে উঠছে, গত বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা। চট্টগ্রামে ২২ রানে হেরে গেলেও ঢাকায় বড় ব্যবধানেই ইংলিশরা হেরে গিয়েছিল। নিজেদের কন্ডিশনে, নিজেদের শক্তিমত্তা অনুযায়ী তৈরি উইকেটে সেই জয় এলেও আজ ওভালে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচটা সেই জয়ের সুখস্মৃতি নিয়েই উপভোগ করবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
সাম্প্রতিক রেকর্ড বাংলাদেশের অনুকূল হলেও ওভালের আজকের ম্যাচটা কিন্তু খুব বড় পরীক্ষা বাংলাদেশের জন্য। ক্রিকেটপ্রেমীরা যদি আজকের ইংল্যান্ডকে ২০১৫ বিশ্বকাপের সেই হতাশ, ছন্নছাড়া দলের সঙ্গে তুলনা করেন, তাহলে বড় ভুলই করবেন। এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটিং নিয়ে এউইন মরগানের দল কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে বাজিমাতেরই স্বপ্ন দেখছে। এই দলটির ব্যাটিং গভীরতা অবাক করার মতোই। ইংল্যান্ডের ৯, ১০ কিংবা ১১ নম্বরে নামা ব্যাটসম্যানও প্রতিপক্ষের বোলারদের যে ভোগাতে পারেন, সেটি এই দলের এক বড় শক্তি।
অধিনায়ক মরগান, জো রুট, মঈন আলী, অ্যালেক্স হেলস, বেন স্টোকসরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে দলটির একটা দারুণ চেহারা দিয়েছেন। প্রতিটি ব্যাটসম্যানই যেন মাঠে নামেন প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে। গত দুই বছরে দুবার এই দলের ৪০০ রান ছোঁয়ার ইতিহাসটা কিন্তু একটি ভয় পাইয়ে দেওয়ার মতোই। ওয়ানডে ক্রিকেটে ৩০০ রানের স্কোরকে হালে রীতিমতো ডালভাত বানিয়ে ফেলেছে ইংলিশরা। সর্বশেষ ১০ ওয়ানডের ৬টিতেই তিন শর ওপর রান আছে ইংল্যান্ডের। এর মধ্যে ভারতের বিপক্ষে একটি স্কোর আছে ৩৬৬ রানের!
স্টোকসের মতো অলরাউন্ডার যেকোনো দলের জন্যই বিরাট শক্তি। ইতিমধ্যেই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, আইপিএলের দামি খেলোয়াড়দের একজন হিসেবে খেলে অভিজ্ঞতা অর্জন করেছেন, ঋদ্ধ হয়েছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের শেষ ওভারের ব্যর্থতাটা ঝেড়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে নতুন করে নিজেকে প্রমাণ করার জন্য রীতিমতো মুখিয়ে এই তারকা। স্টোকসের সঙ্গে মঈন আলী, আদিল রশিদ ও ক্রিস ওকসরা ইংল্যান্ডের সাফল্যের গুরুত্বপূর্ণ অস্ত্র হবেন।
২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে বাংলাদেশের কাছে হেরে যাওয়ার পর থেকে অনেক বদলে গেছে ইংল্যান্ড। পুরোনো ধাঁচের ক্রিকেটকে ‘বিদায়’ বলে দিয়ে নতুন ধরনের আক্রমণাত্মক কিংবা প্রতিপক্ষকে নিঃশেষ করে দেওয়ার একটা ক্রিকেটীয় ব্র্যান্ড দাঁড় করিয়েছে তারা। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ইংল্যান্ডের আন্তর্জাতিক রেকর্ড দুর্দান্ত। দ্বিতীয় সেরা। ওভালের আজকের ম্যাচে বাংলাদেশের বোলারদের সতর্ক থাকতে হবে ইংল্যান্ডের শেষ ১০ ওভারে রান তোলার সামর্থ্যের ব্যাপারে। গত দুই বছরে শেষ ১০ ওভারে রান তোলায় আন্তর্জাতিক ক্রিকেটে ইংলিশরা সবচেয়ে এগিয়ে আছে। শেষ ১০ ওভারে তাদের রান তোলার রেট ৮.৬৩। যেখানে বাংলাদেশ এই সময় শেষ ১০ ওভারে ওভারপ্রতি রান তুলেছে ৬.৬৮ হারে, যা চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া আট দলের মধ্যে সবচেয়ে কম। শক্তিমত্তায় ইংল্যান্ড আজকে এগিয়ে যোজন ব্যবধানে। নিজেদের মাঠে অন্য রকম প্রেরণা নিয়েই তারা মাঠে নামবে। তবে নিজেদের দিনে বাংলাদেশ কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে, সেটা সবাই জানে। মাঠের লড়াইয়ে দিনটাকে বাংলাদেশে ‘নিজেদের’ করতে পারবে কি না, সেটাই দেখার বিষয়।