ইংল্যান্ডকে সাহস দিলেন হ্যালসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচি ঘোষণা হয়ে গেছে আগেই। সে অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড দলের। হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর কিছুটা অনিশ্চিত পরিস্থিতি সৃষ্টি হলেও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এখনো একবারের জন্যও বলেনি বাংলাদেশে দল পাঠাবে না। বরং সিরিজ হবে ধরে নিয়েই বিসিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছে তারা। অথচ বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে প্রায় প্রতিদিনই জিজ্ঞাস্য, ইংল্যান্ড আসবে তো?

যেকোনো সিরিজের আগে পারস্পরিক সমন্বয়ের জন্য আন্তমন্ত্রণালয় সভা একটা আনুষ্ঠানিকতা। ইংল্যান্ড সিরিজ নিয়েও কাল সে রকম এক সভা হয়েছে। সভা থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিরে আগের কথাগুলোই বললেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, ‘যখন একটা সফরের সূচি চূড়ান্ত হয়, সেটা দুই বোর্ডের সম্মতিতেই হয়। সেভাবেই এখন পর্যন্ত সবকিছু রুটিন মাফিক হচ্ছে।’

এই রুটিন মেনেই ইসিবির কাছে বিসিবি সিরিজের নিরাপত্তা পরিকল্পনা পাঠিয়েছে। তাতে হোটেল, মাঠ ছাড়া মাঠ-হোটেল যাওয়া-আসার পথেও খেলোয়াড়-কর্মকর্তাদের নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। অতীতেও বিদেশি দলগুলোকে সফলভাবে এ রকম নিরাপত্তা দেওয়া হয়েছে বাংলাদেশে। ইসিবি বিসিবির পাঠানো সেই নিরাপত্তা পরিকল্পনা বিশ্লেষণ করে দেখছে। এ ছাড়া তাদের হয়ে একজন নিরাপত্তা পর্যবেক্ষকও এ মাসে বাংলাদেশে আসবেন। কাল ইংল্যান্ডের দ্য টেলিগ্রাফ  জানিয়েছে, নিরাপত্তা পর্যবেক্ষক মেলবোর্ন পুলিশের সাবেক কর্মকর্তা রেগ ডিকাসন ঢাকায় আসবেন ভারত হয়ে। অক্টোবরে তিন ওয়ানডে ও দুই টেস্টের বাংলাদেশ সফরের পরই ইংল্যান্ড দল যাবে ভারতে। দুই সপ্তাহের সফরে সে জন্যই এক ঢিলে দুই পাখি মেরে যাবেন ডিকাসন।

এদিকে সিরিজ নিয়ে বাংলাদেশ দলের প্রস্তুতি আস্তে আস্তে জোর পাচ্ছে। ছুটি কাটিয়ে ফিরে ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল এবং ফিজিও মারিও ভিল্লাভারায়ন কাল যোগ দিয়েছেন কন্ডিশনিং ক্যাম্পে। গতকাল রাতে ঢাকায় চলে আসার কথা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও। বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বিদেশি কোচ-ফিজিওদের নিরাপত্তা বাড়িয়েছে বিসিবি। কিন্তু বাড়তি নিরাপত্তার কারণটা যে বৈশ্বিক, সেই বাস্তবতা বুঝতে পারছেন ফিল্ডিং কোচ হ্যালসল, ‘যা ঘটেছে তা এককথায় নৃশংস। কিন্তু এটা এখন সবখানে হচ্ছে—বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি সব জায়গায়। লন্ডনে হয়েছে, আর যখন তাজ হোটেলে হলো, আমি তো তখন ভারতেই। ঘটনার এক সপ্তাহ আগে আমি ওই হোটেল ছেড়েছিলাম।’

সমস্যাটা যেহেতু শুধু বাংলাদেশের একার নয়, ইংল্যান্ড দল সফরে আসবে বলেই বিশ্বাস সাবেক এই জিম্বাবুইয়ান ক্রিকেটারের। বাংলাদেশের নিরাপত্তা সচেতনতার প্রশংসা করে এউইন মরগানের দলকে যেন দিতে চাইলেন অভয়ও, ‘এখানকার নিরাপত্তা পরিস্থিতি এখন ভালো, কারণ সবার মধ্যে এ নিয়ে সর্বোচ্চ সচেতনতা আছে। হুমকির মাত্রাটা জানানোর ব্যাপারে এখানে সবাই বেশ স্বচ্ছ এবং কেউ অস্বীকার করছে না যে একটা হুমকি আছে। এ ধরনের পরিস্থিতি ঠিকভাবে সামলানোর প্রথম ধাপই হলো হুমকি থাকার বিষয়টি স্বীকার করে নেওয়া।’