ইংল্যান্ডকে স্টার্কের টিপ্পনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেসার মিচেল স্টার্ক
পেসার মিচেল স্টার্ক

অ্যাশেজের প্রথম টেস্ট জিতে উড়তে থাকা ইংল্যান্ড দ্বিতীয় টেস্টেই দেখেছে মুদ্রার অন্য পিঠটাও। ব্যাটিং উইকেট বানিয়েও লর্ডস টেস্টে ব্যর্থ ইংলিশরা এজবাস্টনে তৃতীয় টেস্টে চাইছে বোলিং-সহায়ক উইকেট। ‘উভয়সংকটে’ পড়া ইংলিশদের কাণ্ডকারখানা দেখে বেশ মজাই পাচ্ছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। ‘কিংকর্তব্যবিমূঢ়’ ইংলিশদের পেস বোলিংয়েই গুঁড়িয়ে দিতে চান এই বাঁহাতি পেসার।
লর্ডসের ব্যাটিং-সহায়ক পিচে অস্ট্রেলিয়ার কাছে ৪০৫ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের পেছনে নিষ্প্রভ বোলিংকেই সামনে এনেছে ইংলিশ শিবির। এজবাস্টনে কাল শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে তাই বোলিং-সহায়ক পিচ চেয়েছেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক ও কোচ ট্রেভর বেলিস। সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইনও মত দিয়েছেন বোলিং-সহায়ক পিচের পক্ষে। খবরটা শুনে চওড়া হাসিই ফুটে উঠেছে মিচেল স্টার্কের মুখে, ‘চিন্তা করো না। আমরা জিব চাটতে থাকব।’ গতিময় পিচের হাতছানিতে রীতিমতো রোমাঞ্চিত বাঁহাতি পেসার। ইংল্যান্ডের ত্রিশঙ্কু দশা দেখে কৌতুক করতেও ছাড়েননি তিনি, ‘এখন কী চায় সেটাই ওরা জানে না। ওদের দলের কেউ কেউ ব্যাটিং-সহায়ক উইকেট চাইলেও লর্ডসে সেটা ওদের সাহায্য করেনি। এবার ওরা বোলিং-সহায়ক উইকেট চাইছে। কিন্তু আমাদের পেসাররাও বসে থাকবে না। মাইকেল ক্লার্কের মতোই বলতে চাই, আমাদের কিছুই যায় আসে না।’ স্টার্কের কণ্ঠে টগবগে আত্মবিশ্বাস। সতীর্থ মিচেল জনসনকে উদ্দেশ করে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর একটি মন্তব্যেরও জবাব দিয়েছেন স্টার্ক।
গত সপ্তাহে জনসনের বল খেলতে ভয় পান না বলে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন মঈন। ইংলিশ অলরাউন্ডারকে স্টার্ক মনে করিয়ে দিয়েছেন লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে জনসনের বিধ্বংসী বাউন্সারটির কথা, যেটিতে নাকাল হয়েই আউট হয়ে যান মঈন, ‘চাইলে দ্বিতীয় ইনিংসের সেই বলটা মঈন বারবার দেখতে পারে। আমি এমন বলের মুখোমুখি হতে চাই না।’ তৃতীয় টেস্টের দলে পরিবর্তন এনেছে ইংল্যান্ড। গ্যারি ব্যালান্সের পরিবর্তে দলে এসেছেন ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ব্যাটিং অর্ডারেও পরিবর্তনের কথা ভাবছে স্বাগতিকেরা। এজবাস্টনে তিন নম্বরে ইয়ান বেল ও চার নম্বরে জো রুটকে খেলানোর কথা ইংলিশ দলের। প্রতিপক্ষের সম্ভাব্য এই পরিবর্তনে নিজেদেরই বিজয় দেখছেন স্টার্ক, ‘প্রতিপক্ষ যখন দলে পরিবর্তন আনতে বাধ্য হয়, বুঝবেন আপনি ঠিক পথেই আছেন। এবার সে পথে এগিয়েই বিজয় ছিনিয়ে আনার লক্ষ্য আমাদের।’ স্টার্কের আত্মবিশ্বাস মাঠে অনূদিত হলে অস্ট্রেলিয়া সমর্থকদের হাসিটা আরও বড় হবে। সিডনি মর্নিং হেরাল্ড।