একদিকে ছিল একক নৈপুণ্যের অনুপম এক প্রদর্শনী, অন্যদিকে একলা লড়াইয়ের অসাধারণ এক গল্প। শেষ পর্যন্ত জয় হলো একক নৈপুণ্যের। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া যে ৫ উইকেটে ৩৬৫ রান করতে পারল, তা অ্যালিসা হিলির একক ব্যাটিং–নৈপুণ্যেই।
বিশ্বকাপ জিততে হলে মেয়েদের ওয়ানডেতে রান তাড়া করে জয়ের রেকর্ড গড়তে হতো ইংল্যান্ডকে। সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলটির হয়ে ন্যাট সিভার করলেন একলা লড়াই! কিন্তু বৃথা গেল তাঁর সে লড়াই। ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সপ্তম শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ হয়েছে অস্ট্রেলিয়ার। বিশ্বকাপের সর্বোচ্চ দুই রান সংগ্রাহক হিলি ও র্যাচেল হেইন্স দুজনই ৫০ পেরিয়েছেন ২৫ ওভারের মধ্যে। ৫০ ছোঁয়ার পথে দুজনেরই ছিল ৬টি বাউন্ডারি। তখনো বোঝা যায়নি কী অপেক্ষা করছে ইংল্যান্ডের জন্য। ৫০ পেরোনোর পরই নিজের স্বাভাবিক আক্রমণাত্মক রূপে দেখা দিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার।
হিলি আর হেয়নেস মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ১৬০ রান। জুটি ভাঙে ৯৩ বলে ৬৮ রান করে হেইন্স আউট হয়ে গেলে। হিলি জুটি বাঁধেন বেথ মুনির সঙ্গে। দুজনেই ইংল্যান্ডের বোলারদের ওপর চড়াও হয়ে ওঠেন। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম শতক পাওয়ার পর তো হিলির ব্যাট আরও চওড়া হতে থাকে। ১০০ বলে শতক পূর্ণ করেন তিনি। ৩৬তম ওভারে ২০০ পেরোয় অস্ট্রেলিয়া। হিলি তখন ছুটছেন। ইনিংসের এ পর্যায়ে এসে বাউন্ডারিতেই নজর ছিল তাঁর। শতকের পরের ২৯ বলের মধ্যে ৯টিই ছিল চার। আর তাতে ১২৯ বলে ১৫০ হয়ে গেছে তাঁর।
ইনিংসের যখন ৪৫ ওভার, হিলি ১৭০ রানে। কথা হচ্ছিল ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে হিলি বিশ্বকাপের ফাইনালে দ্বিশতক করতে পারবেন কি না। পরের ওভারেই অবশ্য হিলি আউট হয়ে যান, ১৭০ রানের ইনিংসটি তিনি খেলেছেন ১৩৮ বলে (২৬টি চার)।
তবে এর আগেই একটি রেকর্ড নিজের করে নিয়েছেন হিলি। ছেলে ও মেয়েদের বিশ্বকাপ মিলিয়ে ফাইনালে সর্বোচ্চ রানের ইনিংস এখন তাঁর। এর আগে রেকর্ডটি ছিল তাঁরই স্বদেশি অ্যাডাম গিলক্রিস্টের। গিলি ১৪৯ রান করেছিলেন ২০০৭ বিশ্বকাপের ফাইনালে। হিলি আরেকটি জায়গায় অনন্য, প্রথম খেলোয়াড় হিসেবে এক টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনালে শতক আছে শুধু তাঁরই। মুনির সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৫৬ রানের জুটি গড়ে হিলি যখন বিদায় নেন, অস্ট্রেলিয়ার রান ৪৫.৩ ওভারে ৩১৬। এরপর আর খুব বেশি এগোতে পারেনি অস্ট্রেলিয়া। ৪৭ বলে দলের তৃতীয় সর্বোচ্চ ৬২ রান করেছেন মুনি।
এ বিশ্বকাপেই দুই দলের আগের ম্যাচে ৩১০ রান করেছিল অস্ট্রেলিয়া। সেদিন তাড়া করে ২৯৮ রান তুলেছিল ইংল্যান্ড। ন্যাট সিভার সেদিন ৮৫ বলে ১০৯ রানে অপরাজিত ছিলেন। সেদিন তবু দুজন সঙ্গী পেয়েছিলেন, আজ একদম একা লড়তে হয়েছে তাঁকে।
রেকর্ডের পেছনে ছোটার শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ৩৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে তাঁরা। এরপর একাই লড়াই করেছেন সিভার। ১২১ বলের চমৎকার ইনিংসে ১৫টি চার ও ১ ছক্কায় অপরাজিত ছিলেন ১৪৮ রানে। দলের দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রানের ইনিংসটি ওপেনার ট্যামি বেমন্টের। ইংল্যান্ডের সর্বোচ্চ রানের জুটিটি নবম উইকেটে, ডিনের সঙ্গে ৬৫ রানের জুটি স্কাইভারের। তাঁকে এক প্রান্তে রেখে বাদবাকিরা সবাই ড্রেসিংরুমের দিকে ছুটেছেন। এতেই ৩৮ বল আগেই ইংল্যান্ড অলআউট হয়েছে ২৮৫ রানে।