ইংল্যান্ডকে ৩০০ করতে দিল না বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সকালে আরও একবার উদ্‌যাপনের সুযোগ পেয়েছেন মিরাজ। ফাইল ছবি।
আজ সকালে আরও একবার উদ্‌যাপনের সুযোগ পেয়েছেন মিরাজ। ফাইল ছবি।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা ছিল ইংল্যান্ডের রিভিউ নিয়ে বারবার বেঁচে যাওয়ার। সেই ধারা বজায় থাকল আজ সকালেও। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ড ২৯৩ রানের বেশি করতে পারেনি। টেস্টে বাংলাদেশের বিপক্ষে এটিই ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর।

১৩ বছর আগে ঢাকায় ইংল্যান্ডকে ২৯৫ রানে অল আউট করেছিল বাংলাদেশ। সেটিই এত দিন ছিল ৩০০-র নিচে ইংল্যান্ডকে একমাত্র বেঁধে ফেলা।

তবে এই উইকেটে ২৯৩ রানই যে অনেক, সেটা বাংলাদেশের ইনিংসেই অনেকটা বোঝা গেছে। দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস ২৯ রান তুলে ফেলেছিলেন। কিন্তু এক ওভারেই ইমরুল ও মুমিনুলকে ফিরিয়ে জোড়া আঘাত হেনেছেন মঈন আলী। দারুণ এক ডেলিভারিতে ইমরুল হয়েছেন বোল্ড, মুমিনুলও আরেকটি দুর্দান্ত ডেলিভারিতে ক্যাচ দিয়েছেন স্টোকসকে। ২৯ রানে ২ উইকেট নিয়েই লাঞ্চে গেছে বাংলাদেশ।

আগের দিনই ৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আজ ইংল্যান্ডের লেজটা মুড়ে দিয়ে পেলেন ৬ উইকেট। অভিষেকে কোনো বাংলাদেশি বোলারের এটাই দ্বিতীয় সেরা বোলিংয়ের কীর্তি।

রানটা একটু বেশি দিয়েছেন বলে সোহাগ গাজীর পরেই থাকতে হচ্ছে। অবশ্য অভিষেকে বাংলাদেশের পক্ষে ৬ উইকেট নেওয়া পাঁচ বোলারের একজন হয়ে গেলেন। ইংল্যান্ডের বিপক্ষেও গত ২৯ বছরে অভিষেকে ৬ উইকেট নেওয়া মাত্র দ্বিতীয় বোলার তিনি।

তবে আজ সকালের নায়ক মিরাজ নন, তাইজুল। দিনের প্রথম বলেই চমক, তাইজুলের বলটা ক্রিস ওকসের ব্যাটের কানায় লেগে চলে গেল শর্ট লেগে, মুমিনুল ক্যাচটা নিতে ভুল করলেন না। আদিল রশিদের সঙ্গে স্টুয়ার্ট ব্রড এরপর কিছুক্ষণ হতাশ করেছেন বাংলাদেশের বোলারদের। রশিদ ফিরে যেতে পারতেন ৭ রানেই, কিন্তু মিরাজের বলে প্রায় নিশ্চিত মনে হওয়া এলবিডব্লুতে বেঁচে গেছেন রিভিউ নিয়ে। শেষ পর্যন্ত তাইজুলের বলেই আউট হয়েছেন ৫৪ বলে ২৬ রান করে। শর্ট কাভারে দারুণ এক ক্যাচ নিয়েছেন সাব্বির। চকিতে বাঁয়ে ঝাঁপিয়ে।

এর পর ব্রডও একবার রিভিউ নিয়ে বেঁচে গেছেন। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ড ৩০০ করতে পারেনি। মিরাজের বলে ব্রডের ক্যাচের আবেদনে শুরুতে সাড়া দেননি আম্পায়ার। পরে মুশফিক রিভিউ নিয়ে মিরাজকে এনে দিয়েছেন উদ্‌যাপনের সুযোগ।

এই ইনিংসেই মোট ১০টি রিভিউ নেওয়া হলো, এক ইনিংসে এটাই সবচেয়ে বেশি রিভিউ নেওয়ার রেকর্ড। ১৯৮৭ সালের পর প্রথম ইংল্যান্ডের প্রথম ইনিংসের ১০টি উইকেটই নিলেন স্পিনাররা।


সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ১০৫.৫ ওভারে ২৯৩/১০ (মঈন ৬৮, বেয়ারস্টো ৫২, রুট ৪০, ওকস ৩৬, স্টোকস ২৬, ব্রড ১৩, ব্যাটি ১*; মেহেদী ৬/৮০, সাকিব ২/৪৬, তাইজুল ২/৪৭, শফিউল ০/৩৩, কামরুল ০/৪১)