ইংল্যান্ডে করোনা ধরা পড়ল ভারতীয় এক ক্রিকেটারের
জৈব সুরক্ষাবলয়ের দিন শেষ হয়ে গেছে ইংল্যান্ডে। অন্তত ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি) আর ক্রিকেটারদের বলয়ে রেখে সিরিজ আয়োজন করতে রাজি নয়। ইউরোর ফাইনাল উপলক্ষে ওয়েম্বলিতে ৯০ হাজারের বেশি দর্শক বলছে ইংল্যান্ডে এখন করোনা নিয়ে খুব একটা ভীত নয় কেউই।
এর ফল পাকিস্তান সিরিজের আগেই পেয়েছে ইংল্যান্ড। মূল দলে করোনা ধরা পড়ায় ওয়ানডে দলকে আর খেলানো যায়নি। সদ্যসমাপ্ত সিরিজে দ্বিতীয় সারির এক দল নামাতে হয়েছে ইংল্যান্ডের।
পাকিস্তানকে ধবলধোলাই করে মাঠের সাফল্য ধরে রাখলেও করোনা নিয়ে শঙ্কা দূর করতে পারেনি ইংল্যান্ড। এবার সফররত ভারতীয় দলেও ধরা পড়ল করোনা।
ইংলিশ পত্রপত্রিকার দাবি করা হয়েছে, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য ইংল্যান্ডে থাকা ভারতীয় দলের এক খেলোয়াড়ের করোনা ধরা পড়েছে।
ক্রিকেটারের নাম প্রকাশ করা না হলেও বলা হয়েছে যে তাঁর শরীরে করোনার কোনো লক্ষণ নেই। আপাতত এক পরিচিত ব্যক্তির বাসায় তাঁকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলেও জানা হয়েছে।
আগামী ৪ আগস্টে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। সে ম্যাচের আগে ডারহামে সবাইকে জৈব সুরক্ষাবলয়ে নেওয়া হবে। করোনা থেকে সেরা ওঠার আগপর্যন্ত ওই ক্রিকেটারের তাই দলের সঙ্গে থাকার উপায় নেই।
এর আগেই ইংল্যান্ডে অবস্থানরত ২৩ সদস্যের ভারতীয় দলের কাছে এক ই–মেইল পাঠিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। সে মেইলে দলের সবাইকে ইংল্যান্ডে করোনা বৃদ্ধি পাওয়ার ঘটনায় সতর্ক হতে বলা হয়েছিল।
বেশ কিছু প্রতিবেদনে বলা হয়েছে, সেই মেইলে জয় শাহ ক্রিকেটারদের ভিড় এড়িয়ে চলতে, উইম্বলডন বা ইউরোর ম্যাচ দেখতে যেতে মানা করে দিয়েছিলেন।
এ মাসের শুরুতেই করোনা ইসিবির পরিকল্পনার ফুটো দেখিয়ে দিয়েছে। জৈব বলয়ে না থাকা ইংল্যান্ড ওয়ানডে দলের তিন ক্রিকেটার ও চার স্টাফের করোনা ধরা পড়েছিল। ফলে, নতুন করে ১৮ জন খেলোয়াড়কে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ডেকে পাঠাতে হয়েছে।