ইংল্যান্ডে গর্বিত মরগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় কত দ্রুতই না সবকিছু বদলে দেয়। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর ‘ইংল্যান্ড ওয়ানডে খেলতে পারে না’ কথাটা যেন একরকম বেদবাক্যই হয়ে গিয়েছিল। পরশু সেই ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান গর্বভরা কণ্ঠে বললেন, এই ইংল্যান্ড বিশ্বের সেরা দলকেও হারাতে পারে!
পরশু নিউজিল্যান্ডকে একমাত্র টি-টোয়েন্টিতে ৫৬ রানে হারিয়ে মরগান অবশ্য কথাটা বলতেই পারেন। নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজ শুরুর আগে জস বাটলার বলেছিলেন, ইংল্যান্ডকে ওয়ানডে খেলার ধরন বদলাতে হবে। এখন মনে হচ্ছে, সীমিত ওভারের ম্যাচে সফল হওয়ার গোপন ফর্মুলাটা ইংল্যান্ড বের করে ফেলেছে। ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পথে যেন নিজেদের খোলনলচেই বদলে ফেলেছে ইংলিশরা। পরশু সেই নতুন ইংল্যান্ডকেই দেখা গেল টি-টোয়েন্টিতে।
মরগানের ঘোর যেন এখনো কাটছে না, ‘এই অনুভূতি বিশ্বকাপের পর যোজন যোজন দূরত্বেই মনে হয়েছিল। এক মাস অসাধারণ কিছু ক্রিকেট খেলার পর শেষটাও দারুণ হলো। আপনি যখন দলে একটা পরিবর্তন আনতে চাইবেন তখন সাফল্য পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ছেলেরা সেটিই করে দেখিয়েছে। যেভাবে আমরা বলেছি তাই হয়েছে। এটাও গুরুত্বপূর্ণ। আমি চাই ওরা এ রকম স্বাধীনতা নিয়েই খেলুক।’
সামনের মাসে শুরু হচ্ছে অ্যাশেজ। তার আগে প্রস্তুতিটা ভালোই হলো ইংল্যান্ডের। মরগান যেন প্রচ্ছন্ন একটা হুমকিই দিয়ে রাখলেন, ‘ওয়ানডে সিরিজের পর এই ম্যাচটাও জিতলাম। হয়তো সব সময় পারব না, তবে এখন আমরা বলতে পারি আমরা যেকোনো ধরনের ক্রিকেটেই সেরা দলটাকে হারাতে পারব।’
পরশু ৬৮ রান করে ম্যাচসেরা জো রুট। ইংলিশ ব্যাটসম্যান অবাক বিস্ময়ে দেখছেন নতুন ইংল্যান্ডকে, ‘ব্যাপারটা আসলে ব্যাখ্যা করা একটু কঠিন। এবার সবাই অনেক স্বাধীনতা নিয়ে খেলেছে। সবাইকে এত বেশি নিবেদিতপ্রাণ হয়ে খেলতে ও নিজেদের সেরাটা দিতে দেখাটা আসলেই দারুণ ব্যাপার।’
ব্রেন্ডন ম্যাককালামকে এবার মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হলো। আক্রমণাত্মক দর্শন দিয়ে ক্রিকেট-বিশ্বকে চমকে দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। ইংল্যান্ড এবার কাঁটা দিয়ে কাঁটাই তুলল। টি-টোয়েন্টিতে হারের পর ম্যাককালাম স্বীকার করলেন, ‘আমাদের ব্যাটিং কখনো কখনো খুবই অপেশাদার হয়েছে। ভালো অবস্থানে গিয়েও আমরা লক্ষ্যটা তাড়া করতে পারিনি। কৃতিত্ব ইংল্যান্ডকেও দিতে হবে। পুরো সিরিজে যেমন, এই ম্যাচেও ওরা আমাদের চাপে রেখেছে। তা থেকে আমরা আর বের হতে পারিনি।’ এএফপি।