ইংল্যান্ডে গালি শুনবেন না বলে মন খারাপ স্মিথের

ইংল্যান্ডে রওনা দেওয়ার আগে সিডনি বিমানবন্দরে স্টিভ স্মিথ।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দর্শক নেই, গালিও নেই—ইংল্যান্ড সফরে ভালো করার অনুপ্রেরণা পাবেন কই স্টিভ স্মিথ!

করোনাকালে দর্শকশূন্য গ্যালারির সামনে ক্রিকেট খেলতে গিয়ে নিশ্চিত মন খারাপ খেলোয়াড়দের। দারুণ সব পারফরম্যান্সের স্বীকৃতিটা যে তাৎক্ষণিক পাচ্ছেন না তাঁরা। এমন সময়ে ইংল্যান্ডে ক্রিকেট খেলতে গিয়ে দর্শকশূন্য মাঠের কথা ভেবে মন খারাপ স্টিভ স্মিথেরও।

যারা গত বছরের বিশ্বকাপ ও অ্যাশেজটার সাক্ষী, তাঁরা ভাবতে পারেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের কি মাথা খারাপ হলো! গত বছর ইংলিশ দর্শকেরা তো কম জ্বালাতন করেননি স্মিথকে। ২০১৮ সালের বল টেম্পারিং কাণ্ডে নিষেধাজ্ঞা কাটানোর পর ওয়ানডে বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন অধিনায়কত্ব হারানো স্মিথ। ইংলিশ দর্শকেরা ‘প্রতারক’, ‘জোচ্চোর’ স্মিথকে বারবারই মনে করিয়ে দিয়েছেন বল টেম্পারিং কাণ্ডের কথা।

তাতে অবশ্য হিতে বিপরীতই হয়েছিল। গালি খেয়ে ব্যাট হাতে কী খেলাটাই না খেলেছিলেন স্মিথ। ওই পারফরম্যান্স মনে করিয়ে দিয়েই ইংল্যান্ডের বিমানে ওঠার আগে টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান বললেন তিনি এবার ‘অনুপ্রেরণা’ পাবেন কই! দর্শক নেই তাই তাঁদের বাজে আচরণের প্রশ্নও নেই, তাতে না আবার স্মিথের ব্যাট থেকে রানও নাই হয়ে যায়।

গত বছর অ্যাশেজে ১১০.৫৭ গড়ে ৭৭৪ রান করেছিলেন স্মিথ। এর আগে বিশ্বকাপে খারাপ করেননি, ৪ ফিফটি ও ৩৭.৯০ গড়ে করেছিলেন ৩৭৯ রান। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ৮৫ রানের দারুণ এক ইনিংস।

আজ সিডনি বিমানবন্দরে সেই স্মিথ জানালেন ইংল্যান্ডে ব্যাটিং করাটা তিনি উপভোগ করেন, ‘সেখানে ব্যাটিং করতে ভালো লাগে আমার। দুর্ভাগ্যজনক হলো এবার সেখানে কোনো দর্শক থাকছে না যারা কিনা আমাকে গালি দিয়ে একটু ভালো করার অনুপ্রেরণা জোগাবে। তবে টিভির দিকে অনেক চোখই চেয়ে থাকবে। ওখানে ফিরতে পারাটা দারুণ ব্যাপার হবে।’  

গত বছর অ্যাশেজে ১১০.৫৭ গড়ে ৭৭৪ রান করেছিলেন স্মিথ। এর আগে বিশ্বকাপে খারাপ করেননি, ৪ ফিফটি ও ৩৭.৯০ গড়ে করেছিলেন ৩৭৯ রান। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ৮৫ রানের দারুণ এক ইনিংস।

জৈব-সুরক্ষিত পরিবেশে দর্শকশূন্য মাঠে ক্রিকেট খেলার চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন স্মিথ, ‘আমি (ক্রিকেটে) ফিরতে মরিয়া। তবে জৈব-সুরক্ষিত পরিবেশ ও দর্শকশূন্য মাঠে খেলাটা একটু অন্যরকমই হওয়ার কথা। এটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, কী হয়ে সেটি দেখার জন্য মুখিয়ে আছি আমরা।’

দুর্ভাগ্যজনক হলো এবার সেখানে কোনো দর্শক থাকছে না যারা কিনা আমাকে গালি দিয়ে একটু ভালো করার অনুপ্রেরণা জোগাবে। তবে টিভির দিকে অনেক চোখই চেয়ে থাকবে। ওখানে ফিরতে পারাটা দারুণ ব্যাপার হবে
স্টিভেন স্মিথ

তবে এমন সময়ে যে ক্রিকেট খেলতে পারছেন তাতেই খুশি স্মিথ, ‘আমরা ভাগ্যবান সফরে গিয়ে খেলতে পারছি। আমাদের পরিস্থিতি বুঝে খেলতে হবে, খেলতে হবে একটি দল হিসেবে, একে অন্যের সেরাটা বের করে করে আনতে হবে।’

ইংল্যান্ডের বিমানে উঠার আগে সিডনি বিমানবন্দরে স্মিথ
ছবি: এএফপি

তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে ২১ সদস্যের দল নিয়ে ইংল্যান্ডে রওনা দিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডে পৌঁছানোর পর ডার্বিতে কোয়ারেন্টিনে থাকবে দলটি। সেখান থেকে তিনটি টি-টোয়েন্টি খেলতে সাউদাম্পটনে যাবে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৪ সেপ্টেম্বর থেকে। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। ওয়ানডে সিরিজ শুরু ১১ সেপ্টেম্বর থেকে।