ইংল্যান্ডে নতুন টি-টোয়েন্টি লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও বিগ ব্যাশের সাফল্যের পথ ধরে ইংল্যান্ডও শুরু করতে যাচ্ছে আট দলের টি-টোয়েন্টি লিগ। বর্তমানে ইংল্যান্ডে টি-টোয়েন্টি ব্লাস্ট খেলা হলেও সেখানে ১৮টি কাউন্টি দল অংশ নেয়। কিন্তু টি-টোয়েন্টি ব্লাস্টের জনপ্রিয়তা আশানুরূপ না হওয়ায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন এ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ।
কাউন্টির বদলে শহরভিত্তিক আটটি দল খেলবে এ প্রতিযোগিতায়। তবে এই লিগ থেকে পাওয়া লাভের অর্থ কোনো ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানের কাছে যাবে না। আটটি দল খেললেও পুরো অর্থ ভাগ হবে ১৮টি কাউন্টি দলের মধ্যেই। ফলে যারা এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কোনো সুযোগ পাবে না, তারাও বার্ষিক প্রায় ২০ লাখ ডলার আয় করবে। ইসিবির পরবর্তী বৈঠকে ভোটাভুটির মাধ্যমে এই লিগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে এ প্রতিযোগিতা শুরু হলেও ১৮ দলের টি-টোয়েন্টি ব্লাস্ট আগের মতোই চলবে। সে ক্ষেত্রে অতিরিক্ত ক্রিকেট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই। এএফপি।