ইংল্যান্ডে বর্ণবাদের শিকার হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের সিমন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও কোচ ফিল সিমন্স। ফাইল ছবি
ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও কোচ ফিল সিমন্স। ফাইল ছবি
১৯৯৬ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতা দলের অন্যতম সদস্য ছিলেন সিমন্স। আশি ও নব্বইয়ের দশকে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট ছাড়াও খেলেছেন বেশ কয়েকটি লিগে। সে সময়ই বর্ণবাদের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কোচ

ফুটবলে বর্ণবাদ থাকলেও এর বিষবাষ্প ছুঁতে পারেনি ক্রিকেটকে—অনেকেই এমনটা ভেবে আসছিলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার ড্যারেন স্যামি বোমা ফাটিয়েছেন সবার আগে। আইপিএলে তাঁর কিছু সতীর্থ তাঁকে ‌'কালু' ডাকতেন—এমন কাহিনি শুনিয়ে দেখিয়ে দিয়েছেন ক্রিকেটেও আছে বর্ণবাদ। এরপর ক্রিস গেইলও বলেছেন বর্ণবাদী আচরণের শিকার হওয়ার কথা। এবার ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও কোচ ফিল সিমন্স জানালেন, ইংল্যান্ডে লিগ ক্রিকেট খেলতে গিয়ে বর্ণবাদের শিকার হয়েছিলেন তিনিও। 

১৯৯৬ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতা দলের অন্যতম সদস্য ছিলেন সিমন্স। আশি ও নব্বইয়ের দশকে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট ছাড়াও খেলেছেন বেশ কয়েকটি লিগে। সে সময়ই বর্ণবাদের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কোচ। আর সেই সময়টা সিমন্স ও তাঁর স্ত্রীর জন্য কঠিন এক সময় ছিল বলেও উল্লেখ করেছেন।

সম্প্রতি ক্রিকইনফোকে সিমন্স বলেছেন, ‌'লিগে আমাকে বর্ণবাদী আচরণের মুখোমুখি হতে হয়েছে। তবে কাউন্টি ক্রিকেটে আমি বর্ণবাদের শিকার খুব বেশি হইনি।' এটা কি সতীর্থ, নাকি দর্শকদের কাছ থেকে হয়েছেন তা বলেননি সিমন্স। তবে ওই সময়টা যে তাঁর জন্য খুব কঠিন ছিল সেটা ঠিকই বলেছেন, ‌'এমন কিছুর মুখোমুখি হওয়াটা ভালো কিছু নয়। এটা আমার স্ত্রীর জীবনেও প্রভাব ফেলেছিল। আমি তিন-চারটা ভিন্ন ভিন্ন লিগে খেলেছি। তবে বর্ণবাদের শিকার হয়েছি উত্তর-পূর্ব ইংল্যান্ডের একটি লিগে।'
যুক্তরাষ্ট্রে সম্প্রতি আফ্রো-আমেরিকান জর্জ ফ্লয়েডের পুলিশ হেফাজতে মৃত্যুর পর বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে বিশ্বজোড়া কৃষ্ণাঙ্গরা। তাদের সেই 'কালো মানুষের জীবনেরও মূল্য আছে' আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে খেলার বিশ্বও। বুন্দেসলিগা, প্রিমিয়ার লিগ ও লা লিগা—করোনার বিরতি কাটিয়ে আবার মাঠে ফেরা তিনটি লিগেই চলছে প্রতিবাদ।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে এই আন্দোলন বা প্রতিবাদে ওয়েস্ট ইন্ডিজ দলও অংশ নেবে বলে মনে করেন সিমন্স।