ইংল্যান্ডে হেনস্তা সাঙ্গাকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার সাঙ্গাকারা হেনস্তা হলেন ইংল্যান্ডে
কুমার সাঙ্গাকারা হেনস্তা হলেন ইংল্যান্ডে

কুমার সাঙ্গাকারা টুইটারে নিজেই লিখেছেন, ‘১৫ বছর ধরে ইংল্যান্ডে যাতায়াত করছি; এমন ঘটনার মুখোমুখি আগে কখনো হইনি।’ সম্প্রতি ইংলিশ কাউন্টি দল সারের হয়ে খেলতে যুক্তরাজ্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই অভিবাসন কর্মকর্তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন তিনি। কেবল রুটিন জিজ্ঞাসাবাদ হলেও কথা ছিল, শ্রীলঙ্কার এই ক্রিকেট ‘গ্রেট’কে নাকি রীতিমতো নাজেহালই করেছেন তারা। টুইটারবার্তায় ঘটনার পুরোটা না জানালেও সেখানে সাঙ্গাকারা ইঙ্গিত দিয়েছেন, লন্ডন বিমানবন্দরের এক অভিবাসন কর্তা তাঁর সঙ্গে যে আচরণ করেছেন, সেটা একজন সেলিব্রেটি ক্রিকেটার হিসেবে তো বটেই, একজন সাধারণ নাগরিক হিসেবেও প্রত্যাশিত ছিল না সাঙ্গাকারার কাছে। 
সাঙ্গাকারা তাঁর টুইটার বার্তায় ওই অভিবাসন কর্মকর্তাকে ‘দুর্মুখ’ আর ‘অভদ্র’ হিসেবে অভিহিত করে লেখেন, ‘সবকিছু বাদ দিন, একজন সাধারণ নাগরিক হিসেবেও সাধারণ সৌজন্য ও ভদ্র আচরণের প্রত্যাশা কী খুব বাড়াবাড়ি? ’
লন্ডনের এই অভিজ্ঞতাকে সাঙ্গাকারা তাঁর জীবনের ‘বীভৎস অভিজ্ঞতা’ হিসেবেও উল্লেখ করেন। টুইটারে তাঁর শেষ লাইনটি ছিল অনেকটা এমন, ‘এটা ঠিক যে অনেক সময় অভিবাসন কর্তাদের নিরাপত্তার স্বার্থে অনেক অপ্রিয় কাজ করতে হয়, কিন্তু একজন ভ্রমণপ্রার্থীর ভালো আচরণ আশা করতেই পারে। ’
সাঙ্গাকারার এই টুইটের পর ব্যাপারটি নিয়ে প্রচণ্ড প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে শ্রীলঙ্কার সামাজিক যোগাযোগ মাধ্যমে। সূত্র: টুইটার।