ইংল্যান্ডেই মুস্তাফিজের অস্ত্রোপচার

গত মাসেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে প্রথম খেলতে গেলেন মুস্তাফিজুর রহমান। কাউন্টি দল সাসেক্সের হয়ে তাঁর অভিষেকটাও হলো দুর্দান্ত। কিন্তু বাঁ কাঁধের চোট এলোমেলো করে দিল সব। খেলা রেখে এখন তাঁকে যেতে হচ্ছে শল্যবিদের ছুরির নিচে। এক সপ্তাহের অপেক্ষার পর ঠিক হয়েছে মুস্তাফিজের অস্ত্রোপচারের তারিখ। ১১ আগস্ট লন্ডনের ফর্টিয়েস হাসপাতালের শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেসের অধীনেই হতে যাচ্ছে বাঁহাতি পেসারের কাঁধের অস্ত্রোপচার, নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।
মুস্তাফিজের বাঁ কাঁধের চোট সারাতে গত সপ্তাহে অস্ত্রোপচার করানোর পরামর্শ দেন ইউনিভার্সিটি অব গ্রিনউইচের শল্যবিদ টনি কোচার। কিন্তু বিসিবি চেয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও দু-একজন বিশেষজ্ঞের মতামত নিতে। ম্যানচেস্টারের লেনার্ড ফাঙ্ক ও অস্ট্রেলিয়ার শল্যবিদ গ্রেগ হয়ের সঙ্গে যোগাযোগ করা সে জন্যই। ফাঙ্ক জানান, ছুটি কাটাতে যাবেন বলে ২২ আগস্টের আগে তিনি সময় দিতে পারবেন না মুস্তাফিজকে।
এরপর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরামর্শে ওয়ালেসের সঙ্গে যোগাযোগ করে বিসিবি। পরশু স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) মুস্তাফিজ দেখা করেন এই ইংলিশ শল্যবিদের সঙ্গে। জালাল ইউনুস বলেছেন, ‘ওয়ালেসের সঙ্গে দেখা করার পরই অস্ত্রোপচারের তারিখ ঠিক হয়েছে। ১১ আগস্ট লন্ডনের ফর্টিয়েস হাসপাতালে হবে মুস্তাফিজের অস্ত্রোপচার।’
ইউনিভার্সিটি অব এডিনবরা থেকে হাড় নিরাময়ের ওপর পিএইচডি ও ইউনিভার্সিটি অব স্ট্রাথক্লাইড থেকে বায়োমেকানিকসের ওপর ডিপ্লোমা করা ওয়ালেস ২০১২ লন্ডন অলিম্পিকে কাঁধ ও কনুইয়ের চিকিৎসা দলের নেতৃত্ব দিয়েছেন। বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন রাগবি ফুটবল ইউনিয়ন, ফুটবল অ্যাসোসিয়েশন ও ইসিবিতেও। ২০০৬ সালের মার্চে ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ডান কাঁধের অস্ত্রোপচার করেছেন তিনি।
আধঘণ্টার অস্ত্রোপচারের পর মুস্তাফিজকে কম করে হলেও পাঁচ মাস থাকতে হবে মাঠের বাইরে।