সোফায় আয়েশি ভঙ্গিতে বসে ছিলেন। কিন্তু অস্বস্তিটা ঠিকই ধরা পড়ে যাচ্ছিল। পাশে দাঁড়ানো কেউ একজন বাংলায় প্রশ্নগুলো অনুবাদ করে দিচ্ছেন, কিন্তু এমন সাহেবি ইংলিশে তিনি যেন একটু বিচলিতই। সাসেক্সের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ছোট্ট ভিডিওতে দেখা মিলল লাজুক, সহজ-সরল সেই চেনা মুস্তাফিজুর রহমানেরই।
মাইক্রোফোন বা ক্যামেরার সামনে নয়, মুখে নয়; যিনি কথা বলতে ভালোবাসেন ক্রিকেট বল দিয়ে। তাঁর হাতে বল প্রাণ পায়, ভাষা পায়। সেই ভাষাও বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানের জন্য দুর্বোধ্য, জটিল এক ধাঁধা।
বোলিংয়ের সেই ধাঁধা দিয়ে পরশু ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অভিষেকেই বাজিমাত করলেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’। হারলেই বাদ পড়ে যেতে পারে দল—এমন কঠিন এক ম্যাচে অভিষেক। আর সেই অভিষেক হলো স্মরণীয়, ২৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা! ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে এসেক্সের বিপক্ষে দলকে এনে দিলেন ২৪ রানের জয়। বুঝিয়ে দিলেন, কেন প্রতিটি মুহূর্ত মুস্তাফিজকে পেতে ব্যাকুল ছিল ১৭৭ বছর পুরোনো কাউন্টির প্রাচীনতম ক্লাবটি।
কী আশ্চর্য, এই দূরদেশে খেলতে গিয়ে, বিশ্রামের জন্য খুব বেশি সময় না পেলেও একেবারে ভিন্ন পরিবেশে, প্রায় অচেনা সব সতীর্থের মধ্যে পড়েও মুস্তাফিজ মানিয়ে নিলেন অবিশ্বাস্য দ্রুততায়। আসলে খুব বেশি কিছু করতেও হয় না তাঁর! বলটা হাতে পেলেই বাকি সবকিছু খুব চেনা মনে হয়। তখন যেন মনে হয় তেঁতুলিয়া গ্রামের বাজারের স্কুলমাঠেই বল করছেন। আসলে সেই মাঠটা ঢাকায় হোক, হায়দরাবাদ কিংবা চেমসফোর্ডে!
আইপিএল শেষে পুনর্বাসন, বাড়ির সবচেয়ে ছোট ছেলেটার আরও কিছুদিন মায়ের আঁচলে থেকে যাওয়ার আকাঙ্ক্ষা, ভিসা জটিলতা...মুস্তাফিজের ইংল্যান্ড-যাত্রা বারবার পেছাচ্ছিল। বৃহস্পতিবার ম্যাচ শেষে সাসেক্স অধিনায়ক লুক রাইট তাই যথার্থই বলেছেন, ‘ওকে এখানে আনতেই বেশ ঘাম ঝরেছে আমাদের। ওকে মাঠে নামাতে অনেক মানুষের কঠোর পরিশ্রম আছে। এত সময় আর চেষ্টার ফলই এখন আমরা দেখতে পাচ্ছি। ও খুবই স্পেশাল বোলার। মাঠে নেমেই ও যে খেলাটা খেলল, সেটা দেখতে পাওয়াও স্পেশাল।’
পরশু একটা নো-বল করেছেন। সব মিলিয়ে ২৫ ডেলিভারির ১৫টিই ডট। টি-টোয়েন্টিতে যেখানে প্রতিটি ডট বল সোনার চেয়েও দামি; যেখানে ক্ষেত্রবিশেষে ডট বল হয়ে ওঠে একটা উইকেটের চেয়েও মূল্যবান। তা-ও কখন বল করেছেন? সবচেয়ে কঠিন সময়টাতেই। পাওয়ার প্লের শেষ ওভারটির পর বল করলেন একেবারে শেষে, স্লগ ওভারে। যে দুটি সময়ে ব্যাটসম্যানরা থাকে সবচেয়ে মরিয়া, মারমুখী। কিন্তু হলে কী হবে, তিনি তো বল করছেন তাঁর তেঁতুলিয়ার মাঠে বল করার সেই আনন্দে! ও পাশে কে ব্যাট করছে তাতে তাঁর থোড়াই কেয়ার! সত্যি বলতে, তিনি এই কঠিন সময়টাতেই বল করে অভ্যস্ত। এটি যেন সবচেয়ে বেশি উপভোগও করেন।
এই প্রথম মুস্তাফিজকে এত কাছ থেকে বল করতে দেখার অভিজ্ঞতা থেকে রাইট পরশু চেমসফোর্ডে ম্যাচ শেষে বললেন, ‘ও কী করতে যাচ্ছে বোঝা খুব কঠিন। অনুশীলনে আমরা চেষ্টা করছিলাম ওর বোলিং বোঝার। কিন্তু পারিনি। আমাদের কিপার ক্রেগ কাচোপাকে বাহবা দিতেই হবে, ও বেশ ভালো কিপিং করেছে। আগে মুস্তাফিজের বোলিং আমরা দেখিনি বা খেলিনি। তাই কাজটা একদমই সহজ ছিল না।’
মুস্তাফিজের কাজটাও কত কঠিন ছিল মনে করিয়ে দিয়েছেন রাইট, ‘ও কালই (বুধবার) বিমানে উড়ে এসেছে। এরপর সোজা মাঠে নেমে এমন বোলিং। সত্যিই আমরা খুবই স্পেশাল একটা প্রতিভা পেয়ে গেলাম।’ মুস্তাফিজকে আরও আগে পেলে যে টুর্নামেন্টে এতটা কোণঠাসা হয়ে পড়তে হতো না। গতকালই আবারও বাঁচা-মরার লড়াইয়ে নামতে হয়েছিল সাসেক্সকে। ওভালে সারের বিপক্ষে সেই ম্যাচে মুস্তাফিজ কী করেছেন, এই প্রতিবেদন লেখার সময় বলার উপায় ছিল না। কিন্তু যা-ই করে থাকুন, আরও দুর্দান্ত কিছু কিংবা সাদামাটা বোলিং—তাঁর প্রথম ম্যাচের জাদুর প্রদর্শনীর ঘোর কাটতেই আরও কিছুদিন সময় লাগবে ইংলিশ দর্শকদের।
টিভিতে সরাসরি দেখা না গেলেও তাই কল্পনা করে নিতে কষ্ট হয়নি, চার বলের মধ্যে যখন ফস্টার আর টেলরকে বোল্ড করে দিলেন; কী দুর্দান্ত বলই না ছিল সেই দুটি। কিংবা এসেক্সের অধিনায়ক রবি বোপারা আর শেষ দিকে নামা টেন ডেসকাটকে ক্যাচ বানালেন হয়তো মায়াবী কাটারেই।
যে কাটারের ভাষা বোঝার সাধ্য কারও নেই। কিন্তু আরেকটি ভাষা অন্তত শিখতেই হবে সতীর্থদের। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও কোচ টম মুডি যেমন বাংলা শেখার চেষ্টা করেছিলেন, এবার তেমনই রাইটদের বাংলা শেখার পালা!