ইংল্যান্ডের আগে আফগানিস্তানও!
ইংল্যান্ড দলের সফর নিয়ে অনিশ্চয়তা গত বৃহস্পতিবার রাতেই কেটে গেছে। আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড বাংলাদেশে আসবে দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে। ইসিবির ঘোষণা থেকে পাওয়া আনন্দের রেশ কাটতে না-কাটতেই কাল শোনা গেল আরেকটি সুখবর। ইংল্যান্ড আসার আগে আগামী মাসে বাংলাদেশ দলের সঙ্গে তিন ওয়ানডের সিরিজ খেলতে আসতে পারে আফগানিস্তান ক্রিকেট দলও।
ইংল্যান্ড দল না এলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের বিরতিটা হয়ে যেত অনেক লম্বা। আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলার আলোচনার শুরু ওই অনিশ্চয়তা থেকেই। গতকাল পর্যন্ত খবর, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে বিসিবির আলোচনা এগিয়ে গেছে অনেক দূর। তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসা মোটামুটি চূড়ান্ত আফগান দলের। জানা গেছে, পরশু রাতে এক নৈশভোজে জাতীয় দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার ও কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে আফগানিস্তান সিরিজের কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। কাল অনুশীলনে অন্য খেলোয়াড়দেরও সম্ভাব্য সিরিজটি সম্পর্কে জানিয়ে দেন হাথুরুসিংহে।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর কথায়ও কাল পাওয়া গেল একই আভাস, ‘বেশ কয়েকটি সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। তবে সিদ্ধান্তটা যেহেতু দ্রুতই নিতে হবে, আশা করি দ্রুতই কিছু বলতে পারব।’ এসিবির মিডিয়া ম্যানেজার আজিজ ঘারওয়ালও ক্রিকইনফোকে বলেছেন প্রায় একই কথা, ‘আগামী মাসে একটি সিরিজ খেলার ব্যাপারে আমরা বিসিবির সঙ্গে আলোচনা করছি। তবে দুই বোর্ডের মধ্যে এখনো চুক্তি স্বাক্ষর হয়নি।’
সিরিজের সম্ভাব্য সময় হিসেবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহের কথা বলা হলেও সূচি চূড়ান্ত হয়নি। ঘারওয়াল জানিয়েছেন, দ্রুতই তাঁদের ওয়েবসাইটে সেটা জানিয়ে দেওয়া হবে। এটা হবে বাংলাদেশ-আফগানিস্তান প্রথম দ্বিপক্ষীয় সিরিজ। ওয়ানডেতে এর আগে দুবার মুখোমুখি হয়ে দুই দলই জয় পেয়েছে একটি করে। বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টি-টোয়েন্টিতে জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে গত মার্চে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সর্বশেষ ওয়ানডে গত বছরের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। আফগানিস্তান সিরিজটা তাই ইংল্যান্ড সিরিজের আগে মাশরাফি-সাকিবদের ভালো একটা প্রস্তুতিরও সুযোগ। অক্টোবরের ইংল্যান্ড সিরিজের পর ডিসেম্বরে নিউজিল্যান্ড ও ফেব্রুয়ারিতে ভারত সফর। মার্চে শ্রীলঙ্কা সফরও নিশ্চিত এখন। আফগানিস্তান সিরিজ দিয়ে তাই আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ ব্যস্ত সময় শুরু হবে বাংলাদেশ দলের। ব্যস্ততা থাকবে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। সূচিতে এমনও সময় আসবে, যখন ১২ মাসের মধ্যে খেলতে হবে ৯-১০টা সিরিজ।
আফগানিস্তান সিরিজের আগেই নতুন পেস বোলিং কোচের যোগ দেওয়াটাও কাল নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। কোচের অনুরোধে বিসিবি তাঁর নাম ঘোষণা করতে সময় নিচ্ছে। তবে আগামী দু-এক দিনের মধ্যেই ঘোষণাটা দেওয়া যাবে বলে আশাবাদী তিনি। নতুন কোচের সঙ্গে চুক্তি হবে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত।