ইংল্যান্ডের আরেকটি হতাশার দিন

দ্বিতীয় দিনে অনেক পিছিয়ে গেছে ইংল্যান্ডছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোবার্ট টেস্ট যে বেশ রোমাঞ্চকর হবে, সেটা প্রথম দিনই বুঝিয়ে দিয়েছিল। গতকাল বৃষ্টি নামার আগে ট্রাভিস হেডের দুর্দান্ত শতকে ৬ উইকেটে ২৪১ রান তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনেই হোবার্টের সবুজ উইকেট আর গোলাপি বলের রসায়নের ঝাঁজ টের পেয়েছে দুই দল।

আজ মোটে ৮১.৫ ওভার খেলা হতে পেরেছে। এতেই রান উঠেছে ২৮৭, উইকেট পড়েছে ১৭টি। ওভারপ্রতি ৩.৫১ রান তোলা যদি ইতিবাচক ব্যাটিংয়ের ইঙ্গিত দেয়, তবে উইকেটপ্রতি মাত্র ১৬.৮৮ রান ইঙ্গিত দিচ্ছে আক্রমণাত্মক বোলিংয়েরও। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৭ রান তুলে ১৫২ রানে এগিয়ে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

আজও দুর্দান্ত বল করেছেন কামিন্স
ছবি: এএফপি

৩-০ ব্যবধানে আগেই সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার। এই টেস্ট ইংল্যান্ডের শুধু সান্ত্বনার জয় পাওয়ার উপলক্ষ। গতকাল দারুণ শুরু করে ১২ রানে ৩ উইকেট তুলে নেওয়ার পর অস্ট্রেলিয়াকে আটকে রাখতে পারেনি ইংল্যান্ড। আজ প্রথম সেশনে সে দুঃখ ভুলেছে ইংল্যান্ড। ৪ উইকেট হারিয়ে আজ শুধু ৬২ রান যোগ করতে পেরেছে অস্ট্রেলিয়া। স্কট বোলান্ড ও নাথান লায়ন শেষ উইকেটে ২৩ রান যোগ না করলে স্বাগতিকদের রান তিন শ পেরোয় না।

অস্ট্রেলিয়াকে ৩০৩ রানে আটকে দেওয়ার তৃপ্তি ব্যাট করতে নেমেই ভুলেছে ইংল্যান্ড। দ্রুত রান নিতে গিয়ে ররি বার্নস শূন্য রানে রান আউট হয়েছেন। ২ রানে প্রথম উইকেট হারানো ইংল্যান্ড দ্বিতীয় ওপেনারকে হারিয়েছে ২৯ রানে।

স্টার্ক মিডল অর্ডারে ধস নামিয়েছেন
ছবি: এএফপি

ইংল্যান্ড তাদের সেরা সময়টা কাটিয়েছে এরপরই। ডেভিড ম্যালান ও জো রুটের তৃতীয় উইকেট জুটি ৪৯ রান এনে দিয়েছে। অবশ্য অস্ট্রেলিয়ানরা রিভিউ নিলে জুটিটা ১৫ রানেই থেমে যেতে পারত, ম্যালানও ফিরতেন মাত্র ১৩ রানে। কিন্তু ক্যামেরন গ্রিনের বল ম্যালানের ব্যাটে লেগেছিল, আবেদন করলেও সন্দিহান ছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।

সেই ম্যালানকে পরে কামিন্সই ফিরিয়েছেন। অন্য প্রান্তে রুটকে ফিরিয়েছেন ৬ বল পরই। সিরিজে ইংল্যান্ডের সেরা দুই ব্যাটসম্যানের বিদায়ের পর যা হওয়ার, তা–ই হয়েছে। ৩ উইকেটে ৮১ থেকে ১৮৮ রানে অলআউট হয়েছে সফরকারীরা। সিরিজে এ নিয়ে ৭ ইনিংসের পাঁচবারই ২০০-এর নিচে অলআউট হয়েছে ইংল্যান্ড। ৪৫ রানে ৪ উইকেট পেয়েছেন প্যাট কামিন্স। মিডল ও লেট মিডল অর্ডারে ধস নামানো মিচেল স্টার্ক ৫৩ রানে পেয়েছেন ৩ উইকেট।

ওয়ার্নার জোড়া শূন্য নিয়ে ফিরেছেন
ছবি: এএফপি

১১৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমেছে অস্ট্রেলিয়া। কিন্তু লিড বাড়ার আগেই ডেভিড ওয়ার্নার ফিরে গেছেন। ২০১৯ সালের পর প্রথম অস্ট্রেলিয়ান ওপেনার হিসেবে জোড়া শূন্যের চশমা উপহার পেয়েছেন ওয়ার্নার। সর্বশেষ ওপেনারের নামও অবশ্য ওয়ার্নার। ওয়ার্নারের ধাক্কা সামলানোর আগেই মারনাস লাবুশেনকে তুলে নিয়েছেন ক্রিস ওকস। স্টিভ স্মিথ ও উসমান খাজা দিন পার করার চেষ্টা করছিলেন। ১১ ওভারে মাত্র ২৮ রান তুলেছেন দুজন।

কিন্তু মার্ক উডের ঘণ্টায় ১৪৭ কিলোমিটার গতির এক বাউন্সারে হার মেনে ফিরেছেন খাজাও (১১)। নাইটওয়াচম্যান হিসেবে স্কট বোলান্ডকে নামিয়ে দেওয়া হয়। নিজের দায়িত্ব সফলভাবে পালন করে ফিরেছেন বোলান্ড (৩ *)। স্মিথও কাল নতুন করে শুরুর সুযোগ পাচ্ছেন (১৭ *)।