ইংল্যান্ডের আশায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার পরই অক্টোবের ইংল্যান্ডের বাংলাদেশ সফরকে ঘিরে উড়তে শুরু করেছে শঙ্কার মেঘ। মর্মান্তিক এই ঘটনায় বাংলাদেশ সফরকালীন নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিসিবি সভাপতি নাজমুল হাসান অবশ্য আশাবাদী, ইংলিশ দল সময়মতোই পা রাখবে বাংলাদেশে।
স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির সপ্তাহব্যাপী বার্ষিক সভা শেষে কাল সকালে দেশে ফিরেছেন নাজমুল। বিকেলে গুলশানে নিজ বাসায় সংবাদমাধ্যমকে তিনি জানালেন, ইসিবির প্রতিক্রিয়াটা বিসিবির চোখে স্বাভাবিক, ‘ইংল্যান্ডের প্রতিক্রিয়া দেখেছি। আমরা যদি ওদের জায়গায় থাকতাম একই কাজ করতাম।’
শুধু বাংলাদেশ নয়, সন্ত্রাসী হামলায় কেঁপে উঠছে বিশ্বের নানা প্রান্ত। গত বছর নভেম্বরে সন্ত্রাসী হামলা হয়েছিল প্যারিসে। কয়েক মাসের ব্যবধানে সেখানেই নির্বিঘ্নে হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবল। হাতে এখনো তিন মাস সময় থাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং ইংল্যান্ডের সফরও হবে বলে বিশ্বাস নাজমুলের, ‘প্যারিসে ওই আক্রমণের পরও কিন্তু খেলা বন্ধ হয়ে যায়নি। খেলা তার নিজস্ব গতিতেই চলবে। এ ছাড়া ইংল্যান্ড সিরিজের এখনো তিন মাস বাকি। এই দীর্ঘ সময়ে বাংলাদেশে এমন পরিস্থিতি থাকবে না।’
নিরাপত্তা নিয়ে সংশয়ের কারণে গত বছরের সেপ্টেম্বর দল ঘোষণা করেও শেষ মুহূর্তে বাংলাদেশ সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি আশঙ্কা থাকে। তবে বিসিবি সভাপতি বিষয়টি নিয়ে ইতিবাচকই আছেন, ‘নিরাপদ জায়গা কোনটি, বলা মুশকিল। তিন মাস পরে ইংল্যান্ড নিরাপদ না-ও থাকতে পারে, কেউ নিশ্চিত করে বলতে পারে না। পরিস্থিতি যা-ই হোক, আমাদের নিরাপত্তাব্যবস্থাকে জোরদার করতে হবে। সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে পারলে কোনো দেশেই খেলা বন্ধ হওয়ার সুযোগ নেই।’
ক্রিকেটের চেহারা বদলে দিতে যাওয়া দ্বিস্তরের আন্তর্জাতিক ক্রিকেটকাঠামো অনুমোদন পায়নি আইসিসির বার্ষিক সভায়। একটি সূত্রে জানা গেছে, এশিয়ার পূর্ণ সদস্য চারটি দেশই এই প্রস্তাব সমর্থন করেনি। যদিও নাজমুল দাবি করেছেন, ‘বাংলাদেশই একমাত্র এটার বিরোধিতা করেছে। অন্য কোনো দেশ বিরোধিতাই করেনি।’