ইংল্যান্ডের কোচ হতে চেয়েছিলেন ওয়ার্ন, তবে...
২০১৫ থেকে ২০১৯—এই চার বছর ইংল্যান্ড দলের কোচ ছিলেন ট্রেভর বেলিস। এখন পর্যন্ত তিনিই ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের একমাত্র অস্ট্রেলীয় কোচ। ইংল্যান্ড দলের দ্বিতীয় অস্ট্রেলীয় কোচ হতে পারতেন শেন ওয়ার্ন। ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার ড্যারেন গফ বলেছেন, ওয়ার্নের ইংল্যান্ডের কোচ হওয়ার ইচ্ছা ছিল।
ইচ্ছা থাকার পরও কেন ইংল্যান্ডের কোচ হওয়া হয়নি সদ্য প্রয়াত কিংবদন্তি স্পিনারের? ২০২১–২২ অ্যাশেজের আগে ওয়ার্নকে কোচ হিসেবে চেয়েছিলেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জো রুট। সে সময়ের কথা মনে করে টকস্পোর্টকে গফ বলেছেন, ‘সে ইংল্যান্ডের কোচ হতে চেয়েছিল। কিন্তু ওয়ার্নের এই ইচ্ছার মধ্যে বাধা হয়ে দাঁড়ায় অস্ট্রেলিয়া দলের প্রতি তার আনুগত্য।’
টেস্ট ক্রিকেটে ৭০৮ উইকেট পাওয়া ওয়ার্ন কোচ হিসেবেও অসাধারণ হতে পারতেন বলে মনে করেন গফ। ২০২১–২২ অ্যাশেজের আগের সে সময় ওয়ার্নের ইংল্যান্ড দলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেছেন, ‘সর্বশেষ অ্যাশেজের আগে ইংল্যান্ডের কোচ হওয়ার জন্য জো রুট ওয়ার্নকে বোঝানোর চেষ্টা করেছিল। ওয়ার্নও কোচ হতে চেয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়া দলের প্রতি তার আনুগত্য ছিল।’
প্রথম প্রস্তাব ওয়ার্ন ফিরিয়ে দেওয়ার পরও রুট আশা ছাড়েননি। ওয়ার্নকে বোঝাতে বারবার অনুরোধ করে গেছেন তিনি। গফের কথা, ‘জো রুট তাকে অনুরোধ করেই যাচ্ছিল। আমার মনে হয়েছিল, ওয়ার্নও ইংল্যান্ডের কোচ হওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিল। সে রুটকে বলেছিল, “আমাকে ভাবতে দাও, পরে তোমাকে ফোন করব।”’
ওয়ার্ন পরে গফকে একটি বার্তা পাঠিয়েছিলেন। গফের ভাষায় মুঠোফোনে পাঠানো সেই বার্তা ছিল এ রকম, ‘দুই দিন পর ওয়ার্নি আমাকে বার্তা পাঠিয়েছিল, “তোমার কাছে কি জোর (রুট) নম্বর আছে? ওর নম্বরটা নিতে আমি ভুলে গেছি।” আমি তো ভেবেছিলাম চাকরিটা (ইংল্যান্ডের কোচ) সে করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সেটা আর হয়নি।’
অ্যাশেজে ইংল্যান্ড ৪–০ ব্যবধানে হেরেছে এবং কোচ সিলভারউড চাকরি হারান।