ইংল্যান্ডের জন্য বিশ্বমানের নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির দেওয়া আশ্বাস অনুযায়ী বাংলাদেশ এসে নিশ্ছিদ্র নিরাপত্তাই পাচ্ছে ইংল্যান্ড দল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া দাবি করেছেন, ইংল্যান্ডকে দেওয়া হচ্ছে বিশ্বমানের নিরাপত্তা।

ডিএমপি, সোয়াট, পুলিশের বিশেষ শাখা, ডিবি পুলিশ, বোমা নিষ্ক্রিয় দলের উপস্থিতিতে শেরেবাংলা স্টেডিয়ামের চিরচেনা ছবিটা কাল যেন চেনাই যাচ্ছিল না। সিরিজের আগে চূড়ান্ত মহড়া সেরে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিকেলে আছাদুজ্জামান সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছেন ইংল্যান্ড সিরিজে তাঁদের নিরাপত্তা পরিকল্পনা, ‘এই সিরিজে আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। এটি হবে বিশ্বমানের। অতীতের যেকোনো সময়ের চেয়ে এই নিরাপত্তা হবে নজিরবিহীন।’

নিরাপত্তাব্যবস্থা যে ‘নজিরবিহীন’, সেটির প্রমাণ পাওয়া গেছে এই কদিনেই। হোটেল র‍্যাডিসনকে ঘিরে ফেলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাবলয়ে। হোটেল থেকে স্টেডিয়ামে আসার পথে বাংলাদেশ ও ইংল্যান্ড দলকে দেওয়া হচ্ছে ভিভিআইপি নিরাপত্তা। ঢেলে সাজানো হয়েছে স্টেডিয়ামের নিরাপত্তাব্যবস্থাও। পুরো স্টেডিয়ামকে আনা হয়েছে ক্লোজড সার্কিট (সিসি) টিভির আওতায়। ম্যাচের দিন প্রথমবার মূল গেটে, পরে গ্যালারিতে প্রবেশের সময়—দুই দফা দেহ তল্লাশি করা হবে দর্শকদের।

নিরাপত্তা জোরদার করতে বাড়ানো হচ্ছে স্টেডিয়ামের বেষ্টনীর উচ্চতাও। ম্যাচের আগের দিন সন্ধ্যায় বন্ধ করে দেওয়া হবে স্টেডিয়ামের দোকানপাট। ডিএমপি কমিশনার জানিয়েছেন, দোকানে কোনো ধরনের বিস্ফোরক বা নাশকতামূলক কিছু নেই—এটা জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মুচলেকা দিতে হবে দোকানিদের।

কঠোর এই নিরাপত্তা বলে দিচ্ছে, ইংল্যান্ড সিরিজটা কতটা স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আছাদুজ্জামান অবশ্য বলছেন, কোনো হুমকিতে নিরাপত্তা এমন কড়াকড়ি করা হয়নি, ‘এই সিরিজ ঘিরে আমাদের কাছে সুস্পষ্ট কোনো হুমকি নেই। তবু আমরা নিরাপত্তা নিশ্ছিদ্র করতে সতর্ক আছি। নিশ্চয়ই জানেন, ইংল্যান্ড দলের বাংলাদেশে আসা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। আমাদের নেওয়া ব্যবস্থায় তাদের অগ্রবর্তী দল ও ইসিবি সন্তুষ্ট হয়ে এখানে আসার সিদ্ধান্ত নিয়েছে। তাদের যে ধরনের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা সেভাবেই দিতে প্রস্তুত।’

দেশের ভাবমূর্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দর্শক ও নগরবাসীর সহযোগিতাও চেয়েছেন ডিএমপি কমিশনার, ‘এর আগে বিভিন্ন টুর্নামেন্ট বা আন্তর্জাতিক অনুষ্ঠানে আমরা বিশ্বমানের নিরাপত্তা দিয়েছি। সেগুলো অত্যন্ত নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শেষে হয়েছে। এই সিরিজটিও যাতে সেভাবে শেষ হয়, বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়, সে লক্ষ্যে সবার সহযোগিতা চাই।’