ইংল্যান্ডের জন্যও পরীক্ষা!

সদ্যোজাত কন্যাসন্তানের মুখ দেখেই অ্যালিস্টার কুক চলে এসেছেন বাংলাদেশে। ‘পরিবার ভালো আছে, আমি এখন দুই কন্যার বাবা’—কাল সংবাদ সম্মেলন থেকে বেরোনোর সময় ফুরফুরে মেজাজেই পাওয়া গেল ইংলিশ অধিনায়ককে। মনের ফুরফুরে ভাবটা আজ নিশ্চয়ই ২২ গজেও ধরে রাখতে চাইবেন?
কুককে আত্মবিশ্বাসী করবে বাংলাদেশে তাঁর ছয় বছর আগের রেকর্ডও। অ্যান্ড্রু স্ট্রাউস বাংলাদেশ সফরকে ‘না’ করে দেওয়ায় হঠাৎই নেতৃত্বের ভার ওঠে তাঁর কাঁধে। অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্ট সিরিজেই সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জেতান ২-০ ব্যবধানে। ২ টেস্টে ২ সেঞ্চুরিতে ১১৪ গড়ে করেন ৩৪২ রান। এবারও কুককে তেমন রূপে দেখা গেলে বড় দুর্ভোগই অপেক্ষা করবে বাংলাদেশের বোলারদের জন্য।
তবে কুক যে খুব নির্ভার, তা নয়। যে সংস্করণেই হোক বাংলাদেশ দলের সাম্প্রতিক উন্নতিটা ভালোই জানা ইংল্যান্ড অধিনায়কের। ইংল্যান্ডকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন মুশফিকরা, সেটি তিনি মেনে নিচ্ছেন, ‘অভিজ্ঞতা একটা বাড়তি সুবিধা হতে পারে (ইংল্যান্ডের জন্য)। টেস্ট খেলতে থাকলে আপনি ছন্দ খুঁজে পাবেন, সন্দেহ নেই। তবে তারাও হয়তো কিছুটা আক্রমণাত্মক থাকবে, যেটা আমরা ওয়ানডে সিরিজেও দেখেছি। ক্রিকেট দল হিসেবে গত তিন-চার বছরে বাংলাদেশ দারুণ উন্নতি করেছে। তাদের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, যেটা আগে আমরা দেখিনি। আমার মনে হয়, খুব ভালো একটা পরীক্ষাই দিতে হবে আমাদের।’
অভিজ্ঞতা-পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও বাংলাদেশ নিশ্চয়ই কাজে লাগাতে চাইবে নিজেদের অভ্যস্ত পরিবেশের সুবিধা। ২০১০ সালে চট্টগ্রাম টেস্টে যেমন রানে ভরা উইকেট দেখেছিল ইংল্যান্ড, এবার তেমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশ দলে স্পিনারদের আধিক্য সেটাই বলছে। উইকেট কেমন হবে সেটি তাই ধারণা করতে পারছেন না কুক, ‘শুনেছি, এবার অনেক স্পিনার নেওয়া হয়েছে বাংলাদেশ দলে। ধারণা করছি, পরের দিকে উইকেটে টার্ন থাকবে। উপমহাদেশের উইকেট সব সময়ই প্রথম কদিন ব্যাটিং-স্বর্গ থাকে। এরপর ম্যাচের গতিপথ ঠিক করে নিতে হয়। দ্রুত উইকেট পড়তে পারে চতুর্থ কিংবা পঞ্চম দিনে।’
টেস্টে ইংল্যান্ড যে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে; সরাসরি নয়, কুক সেটি বললেন খানিকটা ঘুরিয়ে, ‘যেহেতু গত এক বছর কিংবা তারও বেশি সময় বাংলাদেশ টেস্ট খেলছে না, সেটা একটা কারণ। আর আমাদের কাছে কন্ডিশনটা একেবারে অচেনা নয়। যে কন্ডিশন আমাদের খুব পরিচিত নয়—আমরা কিন্তু অ্যাশেজে কোনো সুবিধা ছাড়াই জিতেছি।’
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৩৪ টেস্ট খেলার রেকর্ডটা আজ গড়তে যাচ্ছেন কুক। তবে নিজেই জানিয়ে দিলেন ব্যক্তিগত অর্জন নিয়ে খুব একটা ভাবছেন না ইংলিশ অধিনায়ক, ‘এটি নিয়ে খুব বেশি ভাবছি না। ব্যক্তিগতভাবে চিন্তা করলে আগামীকাল (আজ) আমার জন্য একটা বিশেষ দিন হতে চলেছে। তবে ব্যক্তিগত কারণে নয়, ম্যাচটা স্মরণীয় করতে হবে দলীয় পারফরম্যান্স দিয়ে।’