ইংল্যান্ডের জয়ের ভিত গড়ে দেন জর্ডান

১৬তম ওভারে বোলিংয়ে এসে নিজের আগের দুই ওভারের তুলনায় ভালো করতে পারেননি জর্ডান। একটি চার হজম করায় ওই ওভারে ৮ রান দেন।

ইংল্যান্ডের হয়ে ভালো বল করেন ক্রিস জর্ডানছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিপক্ষে ২ ওভার বল করে ১৫ রানে উইকেটশুন্য ছিলেন ক্রিস জর্ডান। ভালো করার রোখটা বোধহয় তখন থেকেই মনের মধ্যে পুষে রেখেছিলেন ইংল্যান্ডের এ পেসার। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রত্যাশানুযায়ী পারফর্ম করে ম্যাচসেরা জর্ডান।

৪ ওভারে ১৭ রানে ৩ উইকেট নেন জর্ডান। ১২৫ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ৮ উইকেটের জয়ে জস বাটলারের ৩২ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংসের দারুণ ভূমিকা আছে। তবে আগে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার রানের চাকা আটকে রাখায়ও অসাধারন অবদান রাখেন জর্ডান। তাতে ইংল্যান্ডের রান তাড়াটা সহজ হয়ে যায়।

পাওয়ার প্লে–র মধ্যে জর্ডানকে দিয়ে ২ ওভার বল করান ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান। নিজের প্রথম ওভারে ৩ রানে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথকে তুলে নেন জর্ডান। পরের ওভারে উইকেট না পেলেও মাত্র ৪ রান দেন ডানহাতি এ পেসার। ৫ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ তখন ৩ উইকেটে ১৯। এই চাপ থেকে পরে আর বের হতে পারেনি অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ বল করেন জর্ডান
ছবি: টুইটার

১৬তম ওভারে বোলিংয়ে এসে নিজের আগের দুই ওভারের তুলনায় ভালো করতে পারেননি জর্ডান। একটি চার হজম করায় ওই ওভারে ৮ রান দেন। সেরাটা বোধহয় নিজের শেষ ওভারের জন্য জমিয়ে রেখেছিলেন জর্ডান। ১৯তম ওভারে প্রথম দুই বলে ২ উইকেট নিয়ে জাগিয়ে তুলেছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনা। তা না হলেও ওই ওভারে ২ রানে ২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে নাগালের মধ্যে রাখেন তিনি।