ইংল্যান্ডের দ্বিতীয় দলের বিপক্ষে ১৪১ রানে অলআউট পাকিস্তান

ধস নামিয়েছেন সাকিব।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার কারণে পুরো ইংল্যান্ড দল আইসোলেশনে। বাধ্য হয়ে পাকিস্তান সিরিজের জন্য একঝাঁক নতুন ক্রিকেটারকে নিয়ে দল সাজায় ইংল্যান্ড। ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত বেন স্টোকসকে ডেকে এনে ‘নতুন’ ইংল্যান্ড দলের অধিনায়কত্ব দেওয়া হয়। সেই দ্বিতীয় সারির ইংল্যান্ড দলের কাছেই আজ ব্যাটিং ভরাডুবি হলো পূর্ণ শক্তির পাকিস্তানের। কার্ডিফে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৪১ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

ফখর জামানই যা একটু প্রতিরোধ গড়েছিলেন।
ছবি: এএফপি

প্রথম ওয়ানডের জন্য পাঁচ ক্রিকেটারকে অভিষেক করিয়েছে ইংল্যান্ড। তাঁরা হলেন জ্যাক ক্রলি, ফিল সল্ট, লুইস গ্রেগরি, জন সিম্পসন ও ব্রাডন কার্স। আজ ইংলিশ বোলিং আক্রমণের সবচেয়ে অভিজ্ঞ বোলার ছিলেন সাকিব মাহমুদ। সেই মাহমুদ আজকের ম্যাচের আগে ওয়ানডে খেলেছেন মাত্র চারটি। সেই ‘অভিজ্ঞ’ সাকিবের ৪ উইকেটের কাছেই ধরাশায়ী হলো পাকিস্তান। বাকি কাজটা করেছেন দুই ওয়ানডে খেলা ম্যাট পার্কিনসন ও এক ওয়ানডের অভিজ্ঞতাসম্পন্ন ক্রেইগ ওভারটন। মিডিয়াম পেস বোলিংয়ে উইকেট পেয়েছেন অভিষিক্ত গ্রেগরিও।

নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন সাকিব।
ছবি: এএফপি

পাকিস্তান ইনিংসে বড় ধাক্কাটা ইনিংসের প্রথম ওভারেই দিয়েছিলেন সাকিব। ওপেনার ইমাম-উল-হক ও বাবর আজমকে দিনের প্রথম তিন বলের মধ্যে বিদায় করেন এই ডানহাতি পেসার। ফর্মে থাকা দুই ব্যাটসম্যানকে হারিয়ে তখনই যেন ভেঙে পড়ে পাকিস্তানি ব্যাটিং। এরপর ইংলিশ বোলারদের একের পর এক উইকেট উপহার দিতে থাকেন পাকিস্তানি ব্যাটসম্যানরা।

দ্বিতীয় সর্বোচ্চ রান লেগ স্পিনার শাদাবের।
ছবি: এএফপি

টিকে ছিলেন শুধু ওপেনার ফখর জামান। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থেকে তিনি খেলেছেন ৪৭ রানের ইনিংস। মিডল অর্ডারে এসে তাঁকে ভুল শটের ফাঁদে ফেলেন পার্কিনসন। এরপর তড়িঘড়ি করে অলআউট পাকিস্তান। ৩৫.২ ওভারে ১৪১ রান করেই থেমেছে পাকিস্তান। সাকিবের চার উইকেটের সঙ্গে দুটি করে উইকেট নিয়েছেন ওভারটন ও পার্কিনসন।