ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়াও পাকিস্তান সফর নিয়ে দোটানায়

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরে পুলিশের প্রহরাছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার শঙ্কায় কোনো ম্যাচ না খেলেই পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড দল। দেশে আসা অতিথি দলের নিরাপত্তা নিয়ে পাকিস্তানকে আবারও ভাবতে হচ্ছে। তবে নিউজিল্যান্ড দিয়েই যে এ যাত্রায় চিন্তামুক্তি ঘটছে পাকিস্তানের, এমনটা ভাবা ভুল হবে।

ইংল্যান্ড থেকেও পাকিস্তানের জন্য আসছে শঙ্কার খবর। আগামী মাসে ইংল্যান্ডের ছেলে ও মেয়েদের ক্রিকেট দল পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু নিউজিল্যান্ড সফর বাতিল করার পর এখন ইংল্যান্ডও পাকিস্তানে নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েছে।

এখন জানা গেল, পাকিস্তানে সিরিজ খেলতে আসা নিয়ে দোটানায় পড়েছে অস্ট্রেলিয়াও। নিউজিল্যান্ডের হঠাৎ এমন সফর বাতিলের সিদ্ধান্ত পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে নেতিবাচক প্রভাব ফেলবে, এমনটা আগেই আশঙ্কা করছিলেন পাকিস্তানের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার বলেছিলেন, পাকিস্তান ক্রিকেটকে ‘খুন’ করেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া যদি এবার সফর বাতিলের সিদ্ধান্ত নেয়, শোয়েবের শঙ্কা অনেকটাই সত্য হবে!

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ভেতরেও নিরাপত্তায় নিয়োজিত পুলিশ
ছবি: এএফপি

অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসের (এএপি) প্রতিবেদক রব ফোরসেথ জানিয়েছেন বিষয়টা। এমনিতেই ২৩ বছর ধরে পাকিস্তানে কোনো সিরিজ খেলতে যায় না অস্ট্রেলিয়া। শেষ গিয়েছিল সেই ১৯৯৮ সালে, যেবার মার্ক টেলর অনবদ্য ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন।

২০২২ সালে ফেব্রুয়ারি-মার্চের দিকে পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া, এমনটাই কথা হয়ে ছিল। নিউজিল্যান্ড সফর বাতিলের কারণে ওই সিরিজের ভাগ্যাকাশেও আজ অনিশ্চয়তার মেঘ।

অস্ট্রেলিয়া ক্রিকেটের সাবেক প্রধান নির্বাহী কেভিন রবার্টস ২০১৯ সালে পাকিস্তান সফর করে গিয়েছিলেন। দুই বোর্ডের মধ্যে সেবারই এই সিরিজ নিয়ে ইতিবাচক কথাবার্তা হয়েছিল।

কিন্তু নিউজিল্যান্ডের পাশাপাশি ইংল্যান্ডও যদি পাকিস্তানে তাদের সফর বাতিলের ঘোষণা দেয়, তাহলে অস্ট্রেলিয়াও নিজেদের সিদ্ধান্ত বদলাতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছেন ফোরসেথ।

নিউজিল্যান্ড সফর বাতিল করায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কায় পাকিস্তান ক্রিকেট। ছবিটি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের
ছবি: এএফপি

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র এ বিষয়ে জানিয়েছেন, অস্ট্রেলিয়া ব্যাপারটা গুরুত্বের সঙ্গে দেখছে। সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের সঙ্গে এ নিয়ে আলোচনায় বসার একটা সিদ্ধান্তও নিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। কয়েক বছর ধরেই অস্ট্রেলিয়া স্পষ্টভাবে জানিয়েছে, পাকিস্তান সফর করতে তাদের আপত্তি নেই, কিন্তু নিরাপত্তার বিষয়টা খুব ভালোভাবে নিশ্চিত করতে হবে।

পাকিস্তান সফর বাতিল করা হবে কি না, এ নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে আসতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া, এমনটাই জানিয়েছেন ফোরসেথ।

২০০৯ সালে সফরকারী শ্রীলঙ্কা দলে সন্ত্রাসী হামলা হয়েছিল, আক্রান্ত ব্যক্তিদের তালিকায় অন্যদের পাশাপাশি শ্রীলঙ্কার তৎকালীন অস্ট্রেলিয়ান কোচ ট্রেভর বেলিসও ছিলেন।

এর পর থেকেই দুবাই আর আবুধাবিকে নিজেদের ঘরোয়া সিরিজগুলো খেলার জন্য বেছে নিয়েছিল পাকিস্তান। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ক্রিকেট ফিরেছে ঠিকই, কিন্তু নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকেই গেছে।

যদিও গত দুবছরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা এসে পাকিস্তানে খেলে গেছে, কিন্তু নিউজিল্যান্ডের এই ঘটনার কারণে আবারও চিন্তার ভাঁজ বেড়েছে পাকিস্তানের কপালে।