ইংল্যান্ডের প্রতিরোধ রুটের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশে মিলি করি কাজ কথাটা ক্রিকেটে বোধ হয় এর চেয়ে ভালোভাবে দেখানো যায় না। দক্ষিণ আফ্রিকার ইনিংসে একটাও ফিফটি নেই, অথচ সবাই ছুঁয়েছে দুই অঙ্ক। টেস্ট ক্রিকেটের এত বছরের ইতিহাসেই এ রকম ঘটনা কেউ আগে দেখেনি। আরেকটি ঘটনাও প্রায় ৫১ বছর পর দেখল টেস্ট ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো ইংলিশ ব্যাটসম্যান চারে নেমে সেঞ্চুরি করেছেন, তার সর্বশেষ উদাহরণ তো সেই ১৯৬৪ সালের। কেন ব্যারিংটনের পর সেই স্মৃতিই আবার ফিরিয়ে আনলেন জো রুট। ১০৬ রানের ইনিংসটা আজ অনেক দূর নিয়ে যেতে চাইবেন রুট। ইংল্যান্ডও প্রথম ইনিংসে ৭৫ রানে পিছিয়ে আছে, হাতে আছে ৫ উইকেট।
জোহানেসবার্গ টেস্টের কালকের দিনটা মোটা দাগে ‘আক্রমণ-প্রতি আক্রমণেরই’ বলা যায়। দক্ষিণ আফ্রিকার চার পেসারের আক্রমণে ইংল্যান্ড যখন জবুথবু, তখনই পাল্টা আঘাত হেনেছেন রুট-স্টোকস। পেসারদের তোপে ৯১ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। এর মধ্যে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক আউট হওয়ার পর উদ্যাপনটা একটু বেশিই হলো। টেস্ট অভিষেকের প্রথম বলেই যে উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার হার্ডাস ভিলিওন। অ্যালেক্স হেলস ও জেমস টেলরও বেশিক্ষণ টিকতে পারেননি। শুরুটা ভালো করে আউট হয়ে গেছেন নিক কম্পটনও।
এরপর রুট আর স্টোকস এসে হাল ধরেছেন। হাল ধরা বললে আসলে ভুল হবে, দুজন তো স্রোতের প্রতিকূলে রীতিমতো বিদ্যুৎবেগে দাঁড় টেনেছেন। পঞ্চম উইকেটে দুজনের ১০২ রানের জুটিটা এসেছে মাত্র ১৬ ওভারে! স্টোকসই ছিলেন বেশি খড়্গহস্ত, ৫৪ বলে করেছেন ৫৮ রান। শেষ পর্যন্ত দলীয় ২০২ রানে তাঁকে ফিরিয়েছেন মরনে মরকেল। রুটের সঙ্গে বেয়ারস্টো বাকি সময়টুকুতে বিপদ হতে দেননি। আলোকস্বল্পতায় খেলাও শেষ হয়ে গেছে ঘণ্টা খানেক আগেই।
তার আগে সকালে খুব বেশিক্ষণ টিকতে পারেননি দক্ষিণ আফ্রিকান টেল এন্ডাররা। ব্রড, অ্যান্ডারসন ও স্টোকস মিলে ভাগাভাগি করে নিয়েছেন উইকেটগুলো। ৫৩ রানে ৩ উইকেট নিয়ে স্টোকসই সফলতম বোলার। ক্রিকইনফো।