
১৯৮১-এর গ্রীষ্মে ইয়ান বোথাম যখন একের পর এক অবিশ্বাস্য সব কীর্তি গড়ে যাচ্ছেন, ইংল্যান্ডের এই দলের কারও জন্মই হয়নি। এঁরা কেউ তাই হেডিংলিতে তাঁর ঘুরে দাঁড়ানো বিস্ময়কর পারফরম্যান্স দেখেননি, দেখেননি ওল্ড ট্রাফোর্ডের সেঞ্চুরি কিংবা এজবাস্টনে বল হাতে রুদ্রমূর্তি। কুক-অ্যান্ডারসন-বেলরা শুধু জানতেন প্রায় ৩৪ বছর আগের সেই সিরিজটা ক্রিকেট ইতিহাসেই জায়গা করে নিয়েছে ‘বোথামের অ্যাশেজ’ নামে। কীভাবে সেই সিরিজটা শুধুই নিজের করে নিয়েছিলেন, পরশু সন্ধ্যায় অ্যালিস্টার কুকদের সেই গল্প বললেন স্বয়ং বোথাম।
গল্পের আসরটা পরিকল্পিতই। একে তো সর্বশেষ অ্যাশেজে ৫-০ ব্যবধানে হারের দগদগে ঘা, তার ওপর গত কয়েক মাসে ইংলিশ ক্রিকেটে ব্যাপক রদবদল। নতুন শুরুর আগে কুকের দলকে মানসিকভাবে আরেকটু চাঙা করে তুলতেই বোথামের শরণ নেওয়া। গল্পের আসরটা কতটা কাজে দিয়েছে, সেটা কার্ডিফে আজ থেকে শুরু সিরিজের প্রথম টেস্টেই কিছুটা বোঝা যাবে। ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলার অবশ্য উচ্ছ্বসিত, ‘দুর্দান্ত অভিজ্ঞতা। ঠিক যেন দাদার সঙ্গে গল্পের আসরের মতো। আসলে এই সিরিজে খেলা তো সবার কাছেই স্বপ্ন। এটা নিয়েই চিরকাল কথা হবে।’
অস্ট্রেলিয়ার এমন কোনো বাড়তি উদ্দীপনার প্রয়োজন হচ্ছে না। কোচ ড্যারেন লেম্যান ও অধিনায়ক মাইকেল ক্লার্কের অধীনে গত দেড় বছর দারুণ কেটেছে অস্ট্রেলিয়ার। দেশের মাটিতে গত বছর ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে সিরিজ হারানোর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জয়, ভারতকে হারিয়ে বর্ডার-গাভাস্কার জেতা, বিশ্বকাপের ট্রফি আর গত মাসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি জয়। অস্ট্রেলিয়ানরা সব সময় বলে, তাদের সাফল্যের মূলমন্ত্র ‘কঠিন ও আক্রমণাত্মক’ ক্রিকেট। এই সিরিজেও সেই ক্রিকেটটাই খেলতে চান অধিনায়ক ক্লার্ক। তবে অস্ট্রেলিয়ানদের আক্রমণাত্মক ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকে স্লেজিং প্রসঙ্গও। যেটা নিয়ে এবার খুব কঠোর অবস্থানে আইসিসি। ক্লার্ক অবশ্য প্রতিশ্রুতি দিয়েছেন, ‘কথার লড়াই যদি হয়ও, সেটা সীমার বাইরে যাবে না কখনো।’
এমনিতে আক্রমণাত্মক নেতৃত্বের জন্য খ্যাতি আছে ক্লার্কের। অধিনায়ক হিসেবে অর্জনের পাল্লাটাও বেশ ভারী। কিন্তু এর মধ্যেও একটা আক্ষেপ রয়ে গেছে। ইংল্যান্ডের মাটি থেকে কখনো অ্যাশেজ জিতে যেতে পারেননি। অধিনায়ক হিসেবে তো নয়ই, খেলোয়াড় হিসেবেও না।
প্রতিপক্ষ অধিনায়ক কুকের চ্যালেঞ্জটা আবার অন্য রকম। ক্লার্ক যেখানে সৃষ্টিশীল সিদ্ধান্ত নিয়ে মাঠে প্রায়ই চমকে দেন অনেককে, কুক সেখানে অনেকটাই অনুমেয়। রক্ষণাত্মক অধিনায়কত্বের জন্য সাবেক ইংলিশ খেলোয়াড়দের অনেকেই তাঁর সমালোচনা করেছেন অনেকবার। ওয়ানডের নেতৃত্ব ইতিমধ্যেই হারিয়েছেন, এই অ্যাশেজ হারলে প্রশ্ন উঠে যাবে তাঁর টেস্ট অধিনায়কত্ব নিয়েও।
সর্বশেষ অ্যাশেজে বল হাতে ইংলিশদের আতঙ্ক হয়ে উঠেছিলেন মিচেল জনসন। সেই জনসন এবারও ইংলিশদের হুমকি দিয়ে রেখেছেন। সঙ্গে মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড। ইংলিশ ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষাই দিতে হবে। তবে খেলাটা নিজের মাঠে বলেই একটা বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে ইংল্যান্ড। দেশের মাটিতে সর্বশেষ তিনটি অ্যাশেজেই জিতেছে তারা। মাঝে ২০১০-১১ মৌসুমে জিতে এসেছে অস্ট্রেলিয়া থেকেও। সব মিলিয়ে সর্বশেষ ৬টি অ্যাশেজের ৪টিতেই জয়ী ইংল্যান্ড। এরপর কি অস্ট্রেলিয়াকে ফেবারিট বলার উপায় আছে? এএফপি, রয়টার্স।
৩
দেশের মাটিতে সর্বশেষ তিনটি অ্যাশেজই জিতেছে ইংল্যান্ড।
১৪
ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার সর্বশেষ অ্যাশেজ জয় ১৪ বছর আগে, ২০০১ সালে।
০
ইংল্যান্ডের মাটিতে তিনটি অ্যাশেজে খেলেছেন মাইকেল ক্লার্ক, একবার অধিনায়ক হিসেবে। সিরিজ জিততে পারেননি একবারও।
১
সর্বশেষ চারটি অ্যাশেজের তিনটিই জিতেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার একমাত্র সিরিজ জয়টা গত বছর দেশের মাটিতে।