ইংল্যান্ডের বিপক্ষে টেস্টেও জয়ের আশায় সাকিব
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজে উড়াল দিয়েছিলেন ২৫ জুন। নিজের দল জ্যামাইকা তালাওয়াসকে শিরোপা জিতিয়ে প্রায় দেড় মাসের সফর শেষে কাল সকালে দেশে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার। এবার তাঁর চোখ অক্টোবরে ইংল্যান্ড সিরিজে। ইংলিশদের বিপক্ষে টেস্ট-ওয়ানডে দুটি সিরিজই জয়ের আশা দেশসেরা অলরাউন্ডারের।
গত দেড় বছরে ওয়ানডেতে ধারাবাহিক ভালো করছে বাংলাদেশ। ২০১৪ সালের নভেম্বর থেকে দেশের মাটিতে একটি ওয়ানডে সিরিজও হারেনি। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যও হয়তো আশাবাদী করছে সাকিবকে। ওয়ানডেতে ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের মুখোমুখি হয়ে দুবারই হেরেছে ইংলিশরা। সর্বশেষ চার সাক্ষাতে সাকিবরা এগিয়ে ৩-১ ব্যবধানে।
টেস্টে অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। কিন্তু গত কিছুদিনের ৫০ ওভারের সাফল্যই সাকিবকে স্বপ্ন দেখাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ কিছু করার, ‘আমাদের অবশ্যই ওয়ানডে সিরিজ জেতা উচিত। বিশ্বাস করি, টেস্টেও জেতার সামর্থ্য আছে। অবশ্যই চেষ্টা করব দুই ম্যাচের একটি জয় ও একটিতে ড্র করার। মোট কথা, টেস্ট-ওয়ানডে দুটি সিরিজেই জিততে চাই। আমি মনে করি পুরো দলও এটা চায়।’
সিপিএলে সাকিব এবার ১৩ ম্যাচে করেছেন ১৬০ রান। হাফ সেঞ্চুরি আছে ১টি। পাশাপাশি নিয়েছেন ১২ উইকেট। নিজের পারফরম্যান্সে অতৃপ্তি নেই তাঁর, ‘আমার কাছে মনে হয় পারফরম্যান্স ভালোই ছিল। টি-টোয়েন্টিতে যেখানে ব্যাটিং করি প্রতিদিন সুযোগ আসে না। দলের প্রয়োজনে যেদিন ভালো খেলার দরকার ছিল, বেশির ভাগ সময়ই তা করতে পেরেছি। এতে আমি খুশি।’
দেশে ফিরলেও এখনই জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিচ্ছেন না সাকিব। আপাতত কটা দিন বিশ্রাম নিতে চান বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক।