ইংল্যান্ডের মতো নিরাপত্তা চায় অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ঠিক থাকলে আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কোরবানির ঈদের আগে ও পরে বাংলাদেশের সঙ্গে খেলবে দুটি টেস্ট। তবে বাংলাদেশে আসতে একটা শর্ত আছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। গত বছরের অক্টোবরে ইংল্যান্ড দলকে যে রকম কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল, তাদেরও দিতে হবে সে রকম নিরাপত্তা।

সিরিজের নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করতে পরশু রাতে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন সিএর প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল। কাল তিনি কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের সঙ্গে। আজ কথা বলার কথা গোয়েন্দা সংস্থা ও র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে।

শন ক্যারলকে সব ধরনের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সভাশেষে তিনি বলেছেন, বাংলাদেশ সফরে ইংল্যান্ড দলকে দেওয়া নিরাপত্তায় আশ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশকে নিরাপদ মনে করেই খেলতে আসছে তারা। তবে অস্ট্রেলিয়া দলকে ইংল্যান্ডের মতো নিরাপত্তা দেওয়া হবে কি না জানতে চেয়েছেন ক্যারল। মন্ত্রী তাঁকে আশ্বস্ত করে বলেছেন, অস্ট্রেলিয়া যে ধরনের নিরাপত্তা চাইবে, সরকার সে ধরনের নিরাপত্তাই দেবে।

এ কে এম শহীদুল হকের সঙ্গে সাক্ষাতে সফরের জন্য পুলিশের নেওয়া নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন সিএর প্রধান নিরাপত্তা কর্মকর্তা।