ইংল্যান্ডের মন্ত্র আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেভিন পিটারসেনের বীরত্বে ছয় বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সবেধন নীলমণি হয়ে আছে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। আরও একটি বিশ্বকাপে খেলতে এরই মধ্যে ভারতে চলে এসেছে ইংল্যান্ড। ভিন্ন দেশ, একই আয়োজন। কিন্তু এবারও ইংলিশদের বিশ্বজয়ের মন্ত্র সেই পিটারসেনের ব্যাটিংয়ের মতোই—আক্রমণ!
দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও প্রথম পর্ব থেকে উঠে আসা একটি দল নিয়ে গড়া ইংল্যান্ডের গ্রুপটি খুব একটা সহজ অবশ্য নয়। গ্রুপ পর্ব পেরিয়ে যাওয়া নিয়ে আছে সংশয়। তবে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস নিজেদের ক্ষমতার ওপরই ভরসা রাখছেন। ফর্মও প্রেরণা জোগাচ্ছে তাঁকে, ‘কিছুদিন আগেই সংযুক্ত আরব আমিরাতে এসে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছি। আক্রমণাত্মক খেলেছিলাম, নিজেদের বেশ ভালোভাবে মেলেও ধরেছিলাম। তখন যেহেতু এটি (আক্রমণাত্মক ক্রিকেট) ভালো কাজ করেছে, এবার কেন নয়?’
মানসিকতায় বেশ ভালো অবস্থানে আছে দল, সঙ্গে ভারসাম্যও। ভারতের পিচের কথা মাথায় রেখে আদিল রশিদ ও মঈন আলীকে দলে রেখেছে ইংল্যান্ড। রুট-মরগান-বাটলারদের নিয়ে ব্যাটিংয়েও শক্তি রীতিমতো সমীহ করার মতো। সব মিলিয়ে স্টোকসের চোখে খেলে যাচ্ছে বিশ্বজয়ের স্বপ্ন, ‘এবার আমাদের ভালো সম্ভাবনা আছে। সব জায়গাতেই আমাদের দক্ষতা আছে, ব্যাটিং ও বোলিংয়ে বৈচিত্র্যও আছে অনেক।’ আইএএনএস।