ইংল্যান্ডের শ্বাসরুদ্ধকর জয়
জয়ের জন্য শেষ ওভারে ভারতের প্রয়োজন ১৬। ক্রিস ওকসের প্রথম বলেই মিড উইকেট দিয়ে মহেন্দ্র সিং ধোনির ছক্কা, পরের বলে ডাবল। আরেক পাশে সঙ্গী আম্বাতি রায়ডু, তৃতীয় বলে তবু ইচ্ছা করে সিঙ্গেল নিলেন না ধোনি। চতুর্থ বলে চার। ২ বলে প্রয়োজন যখন ৫, পঞ্চম বলে আবার সিঙ্গেল না নিয়ে শেষ বলে ছক্কার চ্যালেঞ্জ নিলেন সময়ের সেরা ফিনিশার। কিন্তু শেষ বলে জুটল সেই সিঙ্গেল! একমাত্র টি-টোয়েন্টি ৩ রানে জিতে নিল ইংল্যান্ড।
১৮১ রান তাড়ায় ভারতকে এগিয়ে নিয়েছেন বিরাট কোহলি। ৫ টেস্টে ১০ ইনিংস, ৪ ওয়ানডের পর সফরের প্রথম ফিফটির দেখা পেয়েছেন কোহলি (৪১ বলে ৬৬)। ওপেনিংয়ে শিখর ধাওয়ান করেছেন ৩৩। পরে ধোনির ১৮ বলে ২৭ রানও যথেষ্ট হয়নি। টস জিতে অধিনায়ক এউইন মরগানের ৭ ছক্কায় করা ৩১ বলে ৭১, অ্যালেক্স হেলসের ২৫ বলে ৪০ ও রবি বোপারার ৯ বলে ২১ রানে ইংল্যান্ড করেছিল ১৮০। শেষ পাঁচ ওভারে ইংল্যান্ড তুলেছে ৮১ রান। স্টার স্পোর্টস, ক্রিকইনফো।