ইংল্যান্ডের সঙ্গে মরগানেরও পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এউইন মরগানের এই মুখের আড়ালে হয়তো লুকিয়ে আছে একরাশ দুশ্চিন্তা, ফর্মের সঙ্গে যে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে ইংল্যান্ড অধিনায়ককে! নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচের আগে কাল ওয়েলিংটনে অনুশীলনে l এএফপি
এউইন মরগানের এই মুখের আড়ালে হয়তো লুকিয়ে আছে একরাশ দুশ্চিন্তা, ফর্মের সঙ্গে যে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে ইংল্যান্ড অধিনায়ককে! নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচের আগে কাল ওয়েলিংটনে অনুশীলনে l এএফপি

অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণের পর আজ দ্বিতীয় ম্যাচে আরেক স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হতে হচ্ছে ইংল্যান্ডকে। এই মুহূর্তে কিউইদের যে ফর্ম, তাতে কিউইরাও ইংল্যান্ডের জন্য কঠিন প্রতিপক্ষ। গত ১৩ ম্যাচের মাত্র দুটিতে হেরেছে নিউজিল্যান্ড। আজকের ভেন্যু ওয়েলিংটনে ২০০৬ সালের পর তাদের হারও মাত্র দুই ম্যাচে।
এবারের বিশ্বকাপের সূচিটা আসলেই একটু অদ্ভুত। অনেক দল যখন মাত্র একটা করে ম্যাচ খেলেছে, নিউজিল্যান্ডের ছয় দিনের মধ্যে এটি তৃতীয় ম্যাচ! টানা খেলার ধকলের কি কোনো ছাপ পড়বে খেলায়? অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম একটু মানলেও এটিকে খুব বড় করে দেখছেন না, ‘আমরা গত কিছুদিনে অনেক ক্রিকেট খেলেছি, হয়তো একটু হলেও অবসন্ন হওয়াটাই স্বাভাবিক। তবে এখানে আসার আগেই সূচিটা আমরা জানতাম। সেটা আমাদের প্রস্তুতির ওপর কোনো ছাপ ফেলবে না।’ ম্যাককালাম জানিয়েছেন, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের সঙ্গে খেলা নিউজিল্যান্ড দলটাই নামছে ইংল্যান্ডের বিপক্ষে।
ম্যাককালাম যখন ম্যাচের আগেই নির্ভার হয়ে একাদশ জানিয়ে দিচ্ছেন, ইংল্যান্ড অধিনায়ক এইউন মরগানের মাথায় দুশ্চিন্তার পাহাড়। টানা দুই ম্যাচ হারলে দাঁড়াতে হবে গিয়ে খাদের কিনারায়। আর দল নিয়েই বা কী ভাববেন, মরগানের নিজের ফর্মই তো ইংল্যান্ডের জন্য মাথাব্যথা। গত ৫ ইনিংসে ইংল্যান্ড অধিনায়কের রান ০, ২, ০, ০, ০! অধিনায়কের নিজের জায়গাটাই যখন নড়বড়ে, দলে সেটার প্রভাব পড়তে বাধ্য।
ম্যাককালাম জানেন, ইংল্যান্ডের ‘একিলিস হিল’ কোনটা। এমনিতে মরগানের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সে একসঙ্গে খেলেছেন, দুজনের সম্পর্কও দারুণ। পরশু কথাও হয়েছে তাঁদের মধ্যে। সাবেক সতীর্থকে শুভকামনা জানিয়েও ম্যাককালাম তাই মনে করিয়ে দিলেন, ‘সে কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। একসময় এটা থেকে বেরিয়ে আসবেই। তবে আমরা আশা করছি, কালও (আজ) ওর দিনটা খারাপই যাবে।’
এর মধ্যে মরগানের সাবেক আইরিশ সতীর্থ কাইল ম্যাককালান আবার কোত্থেকে জানতে পেরেছেন, ইংল্যান্ডের ড্রেসিংরুমে মরগান নাকি স্বস্তিবোধ করছেন না! মরগানের আজ অনেক কিছুর জবাব দেওয়ার দিন। এএফপি, ক্রিকইনফো।
মুখোমুখি নিউজিল্যান্ড–ইংল্যান্ড
ম্যাচ  নিউজিল্যান্ড  ইংল্যান্ড  টাই/পরি.
মোট ৭৭ ৩৮ ৩৩ ২/৪
নিউজিল্যান্ডে ৩৭ ১৮ ১৫ ২/২
বিশ্বকাপে ৭ ৪ ৩ -/-
৯৩০
সবচেয়ে বেশি রান নিউজিল্যান্ডের জন রাইটের
১৮৯*
এক ইনিংসে সবচেয়ে বেশি রান মার্টিন গাপটিলের
৩৪
সবচেয়ে বেশি উইকেট রিচার্ড হ্যাডলির
৫/২০
ইনিংস-সেরা বোলিং ইংল্যান্ডের ভিক মার্কসের
বিশ্বকাপে দুই দলের প্রথম তিন লড়াইয়ে ইংল্যান্ড জিতলেও শেষ চার ম্যাচে জিতেছে নিউজিল্যান্ড।
ওয়েলিংটনে সর্বনিম্ন রান ইংল্যান্ডের (৮৯), ২০০২ সালে
সর্বশেষ ১৮ ওয়ানডের ১২টিতে অলআউট হয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড অলআউট শেষ ১৬টির তিনটিতে।
চতুর্থ নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে ৫০০০ রান পূরণ করতে ৬৪ রান দরকার রস টেলরের