ইংল্যান্ডের সম্ভাবনা দেখছেন না কেপি
২০১৫ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায়। বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও নকআউট পর্বে যেতে পারেনি ইংল্যান্ড। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে তবুও অনেক উচ্চাশা নিয়ে এসেছে তারা, কারও কারও চোখে শিরোপার অন্যতম দাবিদারও। কিন্তু কেভিন পিটারসেনের কথা শুনলে তাদের আশার বেলুনটা চুপসে যেতে পারে। বিশ্বকাপ জেতা দূরে থাক, ইংল্যান্ডকে সেমিফাইনালেও দেখেন না পিটারসেন।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের একমাত্র শিরোপাটি এসেছে তাঁর হাত ধরে, ২০১০ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে। টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে সেবারই প্রথম শেষ চারে ওঠে ইংল্যান্ড, সেবারই শেষ। কোনো টুর্নামেন্টের সেরাদের মধ্যে থাকার অভিজ্ঞতা বেশ ভালোই জানা ‘কেপি’র। আন্তর্জাতিক ক্রিকেটকে একরকম বিদায় বলার পর থেকে এ দেশ-ও দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন। টি-টোয়েন্টির সব খুঁটিনাটিই তো তাঁর মুখস্থ। সেই অভিজ্ঞতা থেকেই হয়তো ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান এই বিশ্বকাপে ইংল্যান্ডের খুব বেশি সম্ভাবনা দেখছেন না। তাঁর চোখে সম্ভাব্য সেরা চারের দৌড়ে বরং এগিয়ে থাকছে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
তবে ইংল্যান্ডেরও সফল হওয়ার সূত্রটা বলে দিয়েছেন পিটারসেন, ‘বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে মরগানই পার্থক্য গড়ে দিতে পারে। ও অধিনায়ক, আইপিএলেও অনেক খেলেছে, এখানকার পরিস্থিতির সঙ্গেও অভ্যস্ত। চারে ব্যাট করার অভিজ্ঞতা দিয়ে যেকোনো খেলার চিত্র বদলে দিতে পারে।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।