ইংল্যান্ডের সম্মান ধূলিসাৎ করেছেন পিটারসেন!

অ্যালিস্টার কুক ভাবতে পারছেন না কেভিন পিটারসেন তাঁর আত্মজীবনীতে এসব কথা লিখলেন কীভাবে, কী বুঝে? অ্যান্ডি ফ্লাওয়ারের মতো কোচ, অ্যান্ড্রু স্টাউসের মতো অধিনায়ক কিংবা ম্যাট প্রায়রের মতো সতীর্থেরা কীভাবে হতে পারে তাঁর আক্রমণের লক্ষ্যবস্তু! পিটারসেনের বইটি পড়ে, ভেবে-চিন্তে তাঁর অভিমত, ইংলিশ ক্রিকেট তাঁর ইতিহাসের সবচেয়ে বাজে সপ্তাহটিই পার করলো সম্প্রতি। টেস্ট-ওয়ানডে মিলিয়ে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ রানের মালিক হয়েও পিটারসেন ইংল্যান্ড দলটার সম্মানই ধূলিসাৎ করেছেন।
একটু িক দেরিতেই ভাঙলো কুকের নীরবতা? যে ইংল্যান্ড দলের সাজঘর সংস্কৃতি নিয়েই এত তোলপাড়, যে দলের সিনিয়র খেলোয়াড়দের বিরুদ্ধে জুনিয়রদের ওপর মানসিকভাবে পীড়নের অভিযোগ, সে দলের অধিনায়ক হিসেবে প্রতিক্রিয়াটা কি একটু দেরিতেই দিচ্ছেন না কুক? ব্যাপারটা মেনে নিয়েই কুক জানিয়েছেন, পিটারসেনের আত্মজীবনীটি পড়ে, অন্য সতীর্থদের সঙ্গে আলোচনা করে একটু দেরিই হলো, কিন্তু প্রতিক্রিয়া জানানোর সময়টা তিনি সঠিকই মনে করছেন।
পিটারসেনের কথা শুনলে মনে হতে পারে ফ্লাওয়ার-স্ট্রাউস জমানাতে ইংল্যান্ড দলে কী বিশৃঙ্খলাই না ছিল। কিন্তু কুক বললেন, এই সময়টায় খেলতে পেরে তিনি গর্বিত, ‘সত্যিই আমি গর্বিত, আমি এমন একটা সময় ইংল্যান্ড দলে খেলেছি, যা ইতিহাসের অন্যতম সেরা। আমরা তিনটি অ্যাশেজ জিতেছি। টেস্টে বিশ্বের এক নম্বর দল হয়েছি। সবচেয়ে বড় কথা আমি দলে ঢুকে অসম্ভব প্রতিভাবান ও বড় মাপের কিছু খেলোয়াড়ের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। এই দলে আমার কেবল সুন্দর স্মৃতিই রয়েছে। আমি সত্যিই গর্বিত দারুণ এই সময়টায় আমি দলের জন্য কিছু করতে পেরেছি।’
স্ট্রাউস ও ফ্লাওয়ারের প্রতি তাঁর অসম্ভব শ্রদ্ধা। এখানেও পিটারসেনের সঙ্গে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান কুকের, ‘আমি দারুণ ভাগ্যবান যে অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যান্ডি ফ্লাওয়ারের মতো দুই ব্যক্তিত্বের অধীনে খেলতে পেরেছি। তাঁদের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। এই যুগটার সম্মান ধূলিসাৎ করা হয়েছে। এর জন্য আমি দুঃখও পেয়েছি।’
কুকের দাবি, ফ্লাওয়ারের ব্যাপারে এই মনোভাব কেবল তাঁর একার নয়, বরং ইংলিশ ক্রিকেট দলের অনেকেই তাঁর সঙ্গে একমত হবেন, ‘ইংল্যান্ড ক্রিকেট দলের অন্য খেলোয়াড়দের জিজ্ঞেস করে দেখতে পারেন, তাঁরাও আমার সঙ্গে একমত হবেন। এ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। এই ফ্লাওয়ার ইংলিশ ক্রিকেট দলকে একটি শক্ত, পরিণত ও শক্তিশালী দলে পরিণত করেছিলেন আমাদের সবার মধ্যে সংকল্পের বিষয়টি ঢুকিয়ে দিয়ে।’
ম্যাট প্রায়রের চরিত্রহননের বিষয়টি কুকের কাছে বিরাট ধাক্কা হয়েই এসেছে, ‘বিশ্বাস করুন, ব্যাপারটা আমার কাছে ধাক্কার মতো একটা ব্যাপার। প্রায়রকে নিয়ে কেউ এমন লিখতে পারে! ইংলিশ ক্রিকেটের জন্য সে তার সর্বস্ব দিয়ে দিতে পারে। প্রায়র সব সময়ই ইংলিশ ক্রিকেট দলের জার্সিটাকে প্রাণ দিয়ে ভালোবাসে।’
পীড়নের সংস্কৃতি কাকে বলে, সেটা জানেন না কুক। পিটারসেন যে সংস্কৃতির কথা লিখেছেন, সে সম্পর্কে একটু ঘুরিয়েই নিজের প্রতিক্রিয়া দিয়েছেন ইংলিশ অধিনায়ক, ‘আমি জানি না এটা আসলে কী (পীড়নের সংস্কৃতি)। এখন কোনো খেলোয়াড় ভুল করলে তাঁর ভুল শোধরানোর জন্য কিছু বলা যদি পীড়ন হয়, তাহলে আমার কিছু বলার নেই। আন্তর্জাতিক ক্রিকেট খুবই কঠিন একটা জায়গা এবং দল হিসেবে এখানে সব সময় আপনাকে সেরাটাই খুঁজে নিতে হবে।’ সূত্র: বিবিসি।