ইংল্যান্ডের সহজ জয়

ভারতের সাধারণ সংগ্রহকে টপকাতে খুব বেশি সময় নিল না ইংল্যান্ড। মাত্র ২৭.৩ ওভারেই জয়ের বন্দরে পা রাখল মাত্র এক উইকেট খরচেই।
প্রথমে ব্যাট করে ভারতের সংগ্রহ ১৫৩ রান খুব বেশি চ্যালেঞ্জ জানাতে পারেনি ইংলিশদের। চ্যালেঞ্জ জানাতে পারেনি মূলত ইয়ান বেল ও জেমস টেলরের জন্যই। এই দুই ব্যাটসম্যানের দুটি দারুণ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের ওপর ভর করেই জয়টা হাতের মুঠোয় নিয়ে নিয়েছে এউইন মরগান-বাহিনী।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অবশ্য মঈন আলীর উইকেট হারিয়ে বসেছিল ইংল্যান্ড। স্টুয়ার্ট বিনির বলে বিরাট কোহলির ক্যাচে পরিণত হয়ে মঈনের ফেরাটা আশার আলো দেখিয়ে থাকতে পারে ভারতকে। কিন্তু ইয়ান বেলের ৮৮ আর জেমস টেলরের ৫৬ সেই আশার সমাধি রচনা করেছেন দ্রততম সময়েই। বেল তাঁর ৮৮ রানের ইনিংসটি খেলেছেন ৯১ বলে আটটি চারের সাহায্যে। টেলরের ৫৬ রান এসেছে ৬৩ বলে চারটি চারের সাহায্যে। সূত্র: এএফপি।