ইংল্যান্ডের সাকলায়েন-শরণ

স্পিন, স্পিন, স্পিন। লর্ডসে ইয়াসির শাহ্র লেগ স্পিনে জেরবার হয়ে চার দিনের মধ্যেই টেস্ট হারের পর ইংল্যান্ডের ক্রিকেটাঙ্গনে আলোচনা যেন শুধু স্পিন নিয়েই। ইয়াসিরের সাফল্যে প্রভাবিত হয়ে ইংলিশরা দ্বিতীয় টেস্টের দলে নিয়েছে লেগ স্পিনার আদিল রশিদকে। শুধু তা-ই নয়, আজ শুরু ওল্ড ট্রাফোর্ড টেস্টের আগে পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাকলায়েন মুশতাকেরও শরণ নিয়েছে ইংল্যান্ড। পরামর্শক কোচ হিসেবে খণ্ডকালীন দায়িত্ব পেয়েছেন ‘দুসরা’র জনক।
গত মঙ্গলবার ইংলিশ বোলারদের নিয়ে কাজ শুরু করেছেন সাকলায়েন। প্রথম দিন কাজ করেই দুই ছাত্র মঈন আলী ও আদিল রশিদকে প্রশংসায় ভাসিয়েছেন ৪৯টি টেস্ট খেলা সাকলায়েন। তাঁর বিশ্বাস, এঁরাই হতে পারেন ইয়াসিরের জবাব, ‘দুই বছর আগে ভারতের বিপক্ষে মঈনকে বল করতে দেখেছি। সে চমৎকার বল করছিল। আমিরাতে পাকিস্তানের বিপক্ষে আদিল ভালো বল করেই ৫ উইকেট নিয়েছিল। তারা দুজনই খুব দক্ষ, তাদের তূণে তিরেরও অভাব নেই। ওরা ইয়াসিরের জবাব হতে পারে।’
চোট কাটিয়ে ইংল্যান্ড দলে ফেরা অলরাউন্ডার বেন স্টোকস মনে করেন সাকলায়েনের কাছ থেকে ইংলিশ ব্যাটসম্যানদেরও কিছু শেখা উচিত, ‘কপালের জোরে যাদের পাওয়া যায় তাদের কাছ থেকে কিছু শিখে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ব্যাটসম্যানরা তার কাছ থেকে কিছু টিপস না নিলে সেটা বোকামি ছাড়া আর কিছু হবে না।’
স্টোকস ঠিকই বলেছেন শুধু বোলারদের শিখলেই তো হবে না, ব্যাটসম্যানদেরও তো সামলাতে হবে ইয়াসিরকে। এএফপি, ডেইলি মেইল।