ইংল্যান্ডের সেমিতে ওঠার ম্যাচ
দুই বছর আগে এই জুনেই ইংল্যান্ডের বদলে যাওয়ার শুরু। ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের ব্যর্থতাকে পেছনে ফেলতে নতুন পরিকল্পনা নিয়ে নামে ইংলিশরা। ওয়ানডে ক্রিকেটে নবযাত্রায় নিউজিল্যান্ডকেই প্রথম সামনে পায় ইংল্যান্ড। এজবাস্টনে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে ৪০০ রান করেছিল এউইন মরগানের দল।
দুই বছর পর চ্যাম্পিয়নস ট্রফিতে আজ সেই নিউজিল্যান্ডের মুখোমুখি ইংল্যান্ড। কার্ডিফের সোফিয়া গার্ডেনে আজ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে ইংল্যান্ডের। শেষ চারের ওঠার সম্ভাবনা বাড়াতে নিউজিল্যান্ডেরও জয়ের বিকল্প নেই। হেরে গেলে যে তাকিয়ে থাকতে হবে অন্যদের ম্যাচের ফলের দিকে।
টুর্নামেন্টের শুরুটা দুই দলের হয়েছে দুই রকম। ওভালে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের ৩০৫ রান অবলীলায় পেরিয়ে গেছে ইংল্যান্ড। অন্যদিকে বৃষ্টির বাগড়ায় এজবাস্টনে অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও হারাতে পারেনি নিউজিল্যান্ড। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ধাক্কাও খেয়েছে ইংল্যান্ড। চোট কেড়ে নিয়েছে পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকসকে।
তাঁর পরিবর্তে ইংল্যান্ড দলে ঢোকা পেসার স্টিভেন ফিনকে আজ দেখা যেতে পারে একাদশেই। ইংল্যান্ড যদি আজও লেগ স্পিনার আদিল রশিদকে বাইরে রেখে দল সাজায়, তাহলে ফিনের একাদশে থাকা নিশ্চিত। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে কাল ২৮ বছর বয়সী ফিনের কণ্ঠে ওকসের জন্য দুঃখ ঝরল, ‘ক্রিস ওকস আমার খুব ভালো বন্ধু, ব্যাপারটা ওর জন্য দুঃখের। তবে আমি খুশি যে ডাক পেয়েছি। দলের বাইরে থাকাটা খুব হতাশার।’
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন আজকের ম্যাচটিকে দেখছেন নকআউট ম্যাচ হিসেবেই। বৃষ্টিতে পণ্ড হওয়া প্রথম ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করা উইলিয়ামসন হতাশ আবহাওয়া নিয়ে, ‘টুর্নামেন্টের ধরনটা এমন যে প্রতিটি ম্যাচই আসলে নকআউট ম্যাচ। আমরা (প্রথম ম্যাচে) ভালো ক্রিকেট খেলছিলাম। যদিও আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যা-ই হোক এটা হতাশার।’
বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন ইংল্যান্ডের জো রুটও। নিউজিল্যান্ড চোখ রাখছে তাঁর দিকেই। প্রতিপক্ষ হলেও কিউই অধিনায়ক রুটের প্রশংসায় পঞ্চমুখ, ‘সম্ভবত সে বিশ্বের সবচেয়ে ঠান্ডা মাথার মানুষ। মাঠের চেয়ে তার বেশি সমস্যা হয় বউয়ের সঙ্গে ডিনারে কী পোশাক পরে যাবে, সেটি নিয়ে ভাবতে গিয়েই।’
ওয়ানডেতে ইংল্যান্ড এখন নতুন যুগের ক্রিকেটে খেলছে, এই তথ্যটা মনে রেখেও নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার শেন বন্ড আইসিসির কলামে লিখেছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচই আশা তাঁর, ‘যদিও ইংল্যান্ড এখন সাদা বলের ক্রিকেটটা অন্য রকমভাবে খেলছে, তবে গত দুই বছরে এই দুই দলের ম্যাচগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হয়েছে। আজও আশা করছি ভালো একটা ম্যাচ দেখতে পাব।’
বন্ড আশা করতেই পারেন। ২০১৫ সালে ইংল্যান্ডে দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজটা জমেছিল দারুণ। সিরিজটা শেষ পর্যন্ত ৩-২-এ জেতে ইংল্যান্ড। ২০১৫ বিশ্বকাপে দুই দলের ম্যাচটাকে অবশ্য ভুলে যেতে চাইবে ইংলিশরা। ইংল্যান্ডকে ১২৩ রানে অলআউট করে লক্ষ্যটা ১৩ ওভারেই পেরিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড।
আজ আরেকটি বিশ্ব আসরে ইংলিশরা কি নিতে পারবে প্রতিশোধ? এএফপি।