ইংল্যান্ডের সেরা দলের আশায় বিসিবি
বাংলাদেশ সফর নিয়ে ইংল্যান্ডের দুই অধিনায়কের দুই রকম ভাবনা। টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক জানিয়েছেন, বাংলাদেশে আসবেন। আবার সীমিত ওভারের অধিনায়ক এউইন মরগান এখনো রয়েছেন ঘোর সংশয়ের মধ্যে। ব্রিটিশ সংবাদমাধ্যম থেকে যেমন জানা যাচ্ছে, তাতে মরগানের বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা ক্ষীণ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আশা, ইংল্যান্ডের সেরা দলই আসবে বাংলাদেশ সফরে। বিসিবি আগের বলা কথাটাই বলছে, সর্বোচ্চ নিরাপত্তাই দেওয়া হবে সফরকারী ইংল্যান্ড ক্রিকেট দলকে।
বাংলাদেশ সফরে ইসিবি সবুজসংকেত দেওয়ার পর ইংল্যান্ড খেলোয়াড়দের নানা মতামত শোনা গেছে গত কিছুদিনে। এ নিয়ে যদিও বিসিবি নতুন করে ইসিবির সঙ্গে যোগাযোগ করেনি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি ছেড়ে দিয়েছেন ইসিবির ওপর, ‘আমরা আগেই বলেছি, এটা তাদের খেলোয়াড় ও বোর্ডের বিষয়। আয়োজক হিসেবে আমাদের এখানে কিছু করার নেই। তবে আমরা ইসিবিকে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা দিয়েছি, যেটিতে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথাই বলা আছে। এখন তাদের কে আসবে কে আসবে না, তা নিয়ে আমাদের কিছু বলার নেই।’
এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, তিন স্তরের নিরাপত্তা দেওয়া হবে ইংল্যান্ড দলকে। এমন নিরাপত্তা সাধারণত সফরকারী কোনো দেশের রাষ্ট্রপ্রধানকেই দিতে দেখা যায়। দুই দিন আগেও বিসিবি সভাপতি আশা প্রকাশ করেছিলেন, পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে আসবে ইংল্যান্ড, ‘শুনুন, কোনো দলের এখন বাংলাদেশে দুর্বল দল পাঠানোর সুযোগ নেই। ওদের এক-দুজন আসবে কি না বলতে পারব না। তবে তাদের সেরা দলটাই আসবে বলে আমার বিশ্বাস।’