ইংল্যান্ডের স্কোরটা আরও বেশি পোড়াচ্ছে তামিমকে

তামিম ইকবাল যখন আউট হলেন, মনে হচ্ছিল ব্যক্তিগত এক আক্ষেপের গল্পই বোধ হয় লেখা হচ্ছে। কিন্তু মাত্র ৪৯ রানে ৯ উইকেট হারিয়ে তামিমের আউটটা দলীয় হতাশাতেই রূপ নিল। মঈন আলীর বলে প্যাড আপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তামিম। দিন শেষে বাংলাদেশি ওপেনারের কণ্ঠে তাই সেঞ্চুরির আনন্দ খুব বেশি নেই। হতাশাটাই শোনা গেল বেশি।
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরি। তার চেয়েও বড় কথা, পুরোপুরি তামিমীয় ব্যাটিং। স্ট্রোকের দ্যুতি। টানা দুই বাউন্ডারিতে ছুঁয়েছেন সেঞ্চুরি। কিন্তু তামিম আউট হতেই মনে হলো, উইকেটে মাইন পোঁতা। তাতে তামিমের ইনিংসের মাহাত্ম্য বেড়ে গেল অনেকটা। তামিম নিজে কী মনে করেন? ‘প্রথমে তো তেমন কিছু মনে হয়নি। কিন্তু পরের পরিস্থিতিতে মনে হয়েছে যেন খুব কঠিন উইকেটে সেঞ্চুরি করেছি। সত্যিটা হলো শুরুতে দশ ওভারে ব্যাট করাটা কঠিন ছিল। কিন্তু পরের ২৫ ওভারে উইকেট সহজ হয়ে গেছে, আমরা অনেক বাউন্ডারি মেরেছি’—তামিমের উত্তর।
নিজের আউটের ব্যাপারেও কোনো অজুহাত দিতে চাইলেন না। অকপটে স্বীকার করে নিলেন, বলটা বুঝতে ভুল হয়েছিল। চট্টগ্রামের মতো এখানেও বল ঘুরবে ভেবেছিলেন। সে জন্যই ওভাবে প্যাড আপ করতে চাওয়া। তবে যেভাবে খেলতে চেয়েছেন, সেভাবে খেলতে পেরেই খুশি তামিম, ‘যেভাবে ব্যাট করতে পছন্দ করতে চাই, সেভাবে ব্যাট করতে পেরেছি, তাই আমি খুশি।'
ব্যাটিং বিপর্যয়ের পরও প্রথম দিন শেষে দলকে পিছিয়ে রাখছেন না। খেলা থামার আগে ইংল্যান্ডের ৩ উইকেট তুলে নিতে পেরে খুশি তামিম। আগামীকাল সকালে দ্রুত আরও ২ উইকেট তুলে নিতে পারলে বাংলাদেশই এগিয়ে থাকবে বলে তাঁর ধারণা। তবে এ আশাবাদেও ১০০ রান কম করার হতাশাটাও লুকাননি তামিম।
ইংল্যান্ডের ৩ উইকেটে ৫০ স্কোরটা আরও বেশি পোড়াচ্ছে। প্রথম ইনিংসে এত সুবিধাজনক জায়গায় থেকে একটু ভালো স্কোর যদি গড়তে পারত বাংলাদেশ!