‘অসাধারণ একটা দিন কাটিয়েছি। দারুণ লড়েছি। এই ম্যাচ এখনো আমরা বাঁচিয়ে ফেলতে পারি।’
বিশাখাপত্তনমের উইকেটে ভাঙনের সুর, ৮ উইকেট নিয়ে শেষ দিন পার করে দেওয়াটা ভীষণ কঠিন। কিন্তু ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড বেশ জোর দিয়েই বলছেন, ম্যাচটা বাঁচিয়েই ফেলতে পারে ইংল্যান্ড!
তা পারে। তবে সেটি অনেকটাই গাণিতিক সম্ভাবনা। ইংল্যান্ডের জন্য পড়ে আছে পুরো ৯০ ওভার; তবে উইকেটে বল নিচু হয়ে যাচ্ছে, সাপের ফণা তুলছে বাড়তি বাউন্স। সঙ্গে ঘূর্ণি। তবে দ্বিতীয় ইনিংসের প্রথম ৫০ ওভারে একটিও উইকেট না পড়াটাই ব্রডকে সাহস জোগায়। আবার ভারতও দেখিয়ে দিতে পারে কালকের দিনের শেষ ১০ ওভার। ওর মধ্যেই তো ইংল্যান্ড হারাল প্রতিরোধ গড়া দুই ওপেনারকে। কুক-হাসিব দুজন মিলে ৩৩২ বল খেলেছেন।
কালকের পুরো দিনটাই কুকদের অনুপ্রাণিত করতে পারে। আগের দিনের সঙ্গে আর ১০৬ রান যোগ করে প্রথম সেশনেই অলআউট ভারত। তবে তাতেও ইংল্যান্ডের সামনে অসম্ভব এক লক্ষ্য দাঁড়ায়। ৪০৫ রান তাড়া করে জেতা তো বটেই, ৫ সেশন ব্যাটিং করে ড্র করাটাও কি কম কঠিন? চতুর্থ ইনিংসে চার শর বেশি রান তাড়া করে জেতার রেকর্ডই আছে মাত্র চারটি। কিন্তু বিশাখাপত্তনমের উইকেটে তা পাঁচ শরও বেশি। অশ্বিনের হঠাৎ নিচু হয়ে আসা যে বলটায় হামিদ ফিরলেন, সেটাই এর প্রমাণ। এর আগে ১৪৪ বলে ২৫ রানের ইনিংসটিতে তরুণ হামিদ ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টে পরিণতিবোধ ও সংযমের কি দৃষ্টান্তই না রাখলেন। ‘বেবি বয়কট’ তাঁকে কেন বলা হয়, তা বোঝালেন।
রুটকে নিয়ে কুক অবশ্য দিনটা প্রায় পার করেই দিয়েছিলেন। কিন্তু দুবার রিভিউ থেকে বেঁচে যাওয়া ইংলিশ অধিনায়ক জাদেজার বলে দিনের শেষ ওভারে এলবিডব্লু। এই উইকেটটাই আসলে পিছিয়ে দিল ইংল্যান্ডকে। তবে এর আগে তরুণ সঙ্গীকে নিয়ে ইংলিশ অধিনায়ক বাকিদের বার্তা দিয়ে গেছেন, কঠোর মনঃসংযোগ থাকলে এখানেও টিকে থাকা অসম্ভব নয়।
সেই অসম্ভবের পেছনেই এখন ছুটতে চাইছে ইংল্যান্ড! ক্রিকইনফো।