ইংল্যান্ডের স্বস্তির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ডের শেষ উইকেট নিয়ে আনন্দে প্রায় আত্মহারা ক্রিস ওকস। ক্যাচ নিয়ে হাসি গ্যারি ব্যালান্সের মুখেও। আকর্ণবিস্তৃত হাসিতে ছুটে গেলেন মরগান-বেল-রুটরা। ইংল্যান্ড দলে যেন খুশির ফোয়ারা!
বিশ্বকাপের সূচি হওয়ার পর এই ম্যাচটিতে ২ পয়েন্ট নিশ্চিতই ধরে রেখেছিল ইংল্যান্ড। কিন্তু প্রথম দুই ম্যাচে দল এমনই বিবর্ণ ছিল যে, ‘পুঁচকে’ প্রতিবেশীদের বিপক্ষে ম্যাচের আগেও সংশয় জেগেছিল হয়তো নিজেদের মনে। স্কটল্যান্ডের বিপক্ষে জয়েও তাই স্বস্তি। বড় জয় বলে স্বস্তিটাও বড়। আত্মবিশ্বাসের পালে খানিকটা হাওয়া। অবশেষে তৃতীয় ম্যাচে এসে পয়েন্টের মুখ দেখা!
ইংল্যান্ডের জয়ের নায়ক মঈন আলী। ১০৭ বলে ১২৮ রানের দুর্দান্ত ইনিংস, বল হাতে যথারীতি দুটি উইকেট। স্কটিশদের সহকারী কোচ, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক পল কলিংউড অনেক আগে থেকেই নিজ দেশকে বেশ হুমকি-ধমকি দিচ্ছিলেন এই ম্যাচ নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত প্রতিরোধ গড়তেই পারল না কলিংউডের শিষ্যরা।
ইংল্যান্ড ম্যাচটি নিজেদের করে নিয়েছে উদ্বোধনী জুটিতেই। হ্যাগলি ওভালে টস হেরেও ব্যাটিং পেয়ে ইংল্যান্ডকে উদ্বোধনী জুটির রেকর্ড এনে দেন মঈন আলী ও ইয়ান বেল। আগের দুই ম্যাচে রান পাননি দুজনের কেউ। কাল দুজনই রানে, তবে পুরো উল্টো পথে। মঈন ছুটিয়েছেন স্ট্রোকের ফুলঝুরি, বেল সাবধানী-সংযত। মঈনের ফিফটি ৩৯ বলে, অফ স্পিনার মজিদ হককে ছক্কায় সেঞ্চুরি ছুঁয়েছেন ৯১ বলে। এর খানিক আগে বেল ছুঁয়েছেন ফিফটি ৮০ বলে! ৩০ ওভারে ১৭২ রানের উদ্বোধনী জুটি, ইংল্যান্ডের সামনে তখন ৩৩০-৩৪০ রানের হাতছানি। শেষ দিকে স্কটিশদের দারুণ বোলিংয়ে রানটা আটকে থাকে ৩০৩-এ। এর মধ্যেই ইংলিশদের খানিকটা স্বস্তি অধিনায়ক এউইন মরগানের কিছু রান পাওয়া। স্কটিশ ওপেনার কাইল কোয়েতজার ৭১ রানের দারুণ ইনিংস খেলেছেন, তবে সতীর্থদের ব্যর্থতায় চ্যালেঞ্জও জানাতে পারেনি দল। মরগানের রানের মতো ইংল্যান্ডের স্বস্তি স্টিভেন ফিনের দারুণ বোলিং। আগের ম্যাচে ম্যাককালামের হাতে তুলাধোনা ফিন ২ ওভারে গুনেছিলেন ৪৯!
১১৯ রানের পরাজয়ের পরও কিন্তু স্কটিশ অধিনায়ক প্রেস্টন মমসেনের কণ্ঠে ছিল আক্ষেপ, ‘একসময় মনে হচ্ছিল ওদের রান ৩০০ ছাড়িয়েও অনেক হবে। কিন্তু সেখান থেকে ওদের তিন শতে রাখতে পারা ছিল অসাধারণ। মাঝবিরতিতে মনে হচ্ছিল আমাদের সম্ভাবনা আছে যথেষ্টই। কিন্তু কাইল দারুণ ব্যাট করলেও আমরা সমর্থন দিতে পারিনি ওকে।’ মরগান স্বস্তির চেয়েও যেন বেশি পেয়েছেন এই জয়ে, ‘আজকের পারফরম্যান্সে আমি উচ্ছ্বসিত। নিজেদের কিছুটা হলেও বিকশিত করতে পেরেছি আমরা। প্রথম দুই ম্যাচের হতাশার পর এবার আশা, নতুন করে শুরু হবে আমাদের পথচলা।’ স্টার স্পোর্টস, ক্রিকইনফো, এএফপি।
পরিসংখ্যানের আলোয়
সেঞ্চুরির পাশে মঈন নিয়েছেন ২ উইকেট, এই প্রথম বিশ্বকাপে একই ম্যাচে সেঞ্চুরি ও উইকেট পেলেন ইংল্যান্ডের কেউ।
মঈন-বেলের ১৭২ রান বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ উদ্বোধনী জুটি, আগের সর্বোচ্চ সেই প্রথম বিশ্বকাপে পূর্ব আফ্রিকার বিপক্ষে ডেনিস অ্যামিস ও ব্যারি উডের ১৫৮।
১৮ ওয়ানডের ক্যারিয়ারে এই প্রথম এক অঙ্কে আউট হলেন স্কটল্যান্ডের ম্যাট ম্যাচান (৫)।
সহযোগী দেশের বিপক্ষে ইংল্যান্ডের ব্যক্তিগত সর্বোচ্চ মঈনের ১২৮, আগের সেরা ছিল জন্মভূমি আয়ারল্যান্ডের বিপক্ষে মরগানের ১২৪।