ইংল্যান্ডের হাতেই ম্যাচের লাগাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫ রানেই ছয় উইকেট নিয়ে ভারতকে গুঁড়িয়ে দিয়েছেন স্টুয়ার্ট ব্রড। ছবি: রয়টার্স
২৫ রানেই ছয় উইকেট নিয়ে ভারতকে গুঁড়িয়ে দিয়েছেন স্টুয়ার্ট ব্রড। ছবি: রয়টার্স

ওল্ড ট্রাফোর্ডে বিগত ১০ বছরে প্রথম ইনিংসে ইংল্যান্ডের গড় সংগ্রহ ৩৭৭ রান। এবারও হয়তো তার কাছাকাছিই যাবে স্বাগতিকরা। ভারতকে মাত্র ১৫২ রানে গুটিয়ে দিয়ে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই ১১৩ রান সংগ্রহ করে ফেলেছে ইংল্যান্ড। উইকেট হারিয়েছে তিনটি। দিনের শেষ ওভারে গ্যারি ব্যালান্স আউট হওয়ায় হয়তো কিছুটা হতাশ হয়েছেন ইংল্যান্ড সমর্থকেরা। কিন্তু তারপরও প্রথম দিন শেষে ম্যাচের লাগামটা আছে স্বাগতিকদের হাতেই।
মাত্র ৩৬ রানের মাথায় দুই ওপেনার স্যাম রবসন (৬) ও অধিনায়ক অ্যালিস্টার কুকের (১৭) উইকেট হারালেও তৃতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়ে বেশ ভালোই এগিয়ে যাচ্ছিলেন ব্যালান্স ও ইয়ান বেল। কিন্তু দিনের শেষ ওভারে ব্যালান্সকে আউট করে ভারতীয় শিবিরে কিছুটা আশার আলো জ্বেলেছেন বরুন অরুন। ৩৭ রান করে ফিরেছেন ব্যালান্স। ৪৫ রান করে অপরাজিত আছেন বেল। এর আগে ভারতকে লজ্জাজনক এক রেকর্ডের ভাগীদার বানিয়ে মাত্র ১৫২ রানেই গুটিয়ে দিয়েছে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটে চতুর্থবারের মতো এক ইনিংসে ছয়জন ব্যাটসম্যান আউট হয়েছেন শূণ্য রানে। আজকের আগে এই রেকর্ডটির পাশে ছিল শুধু পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের নাম।

ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও ভারত যে ১৫২ রান জমা করতে পেরেছে, তার প্রধান কৃতিত্ব মহেন্দ্র সিং ধোনির। ৭১ রানের ইনিংস খেলে প্রায় একাই লড়াই চালিয়েছেন ভারতের অধিনায়ক। ৪২ বলে ৪০ রানের দ্রুতগতির ইনিংস খেলে ভারতকে কিছুটা সম্মানজনক অবস্থায় নিয়ে গেছেন রবীচন্দ্রন অশ্বিন। সপ্তম উইকেট জুটিতে তাঁরা যোগ করেছিলেন ৬৬ রান।
লজ্জাজনক এক রেকর্ডের ভাগীদার যে ভারত হয়ে যেতে পারে, তেমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল শুরুতেই। প্রথম ছয় ওভারের মধ্যেই শূন্য রানে আউট হয়েছিলেন ভারতের প্রথম সারির তিন ব্যাটসম্যান মুরলি বিজয়, বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। তাঁদেরও আগে মাত্র ৪ রান করে সাজঘরে ফিরেছিলেন দীর্ঘদিন পর দলে ফেরা গৌতম গম্ভীর। মাত্র ৮ রান করতেই চারটি উইকেট হারিয়েছিল ভারত। পরে রানের খাতা খুলতে পারেননি রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার ও পঙ্কজ সিং।