শেষ বিকেলে ঝড় তুললেন জেরোম টেলর। আর সে ঝড়ে কিছুক্ষণের জন্য দিশেহারা ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১০৪ রানের লিড পাওয়ার পর ওই টেলর-ঝড়ের সামনে পড়েই দ্বিতীয় ইনিংসে ২০ রানে ২ উইকেট নেই ইংল্যান্ডের। ইংলিশদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়ে দলীয় ৫২ রানে রানআউট হয়ে ফিরে গেলেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ইয়ান বেলও। সেখান থেকে ইংল্যান্ড ঘুরে দাঁড়ায় গ্যারি ব্যালান্স ও জো রুটের ব্যাটে ভর করে। চতুর্থ উইকেটে দুজনের ৬৪ রানের জুটিতেই তৃতীয় দিন শেষে ইংল্যান্ড ছিল ১১৬/৩। আগের দিনের ৪৪ রানের ইনিংসটিকে ব্যালান্স কাল টেনে নিয়ে গেলেন ১২২ রানে। ১১টি চার ও ২টি ছয়ে তাঁর এই সেঞ্চুরি ইনিংসের সুবাদে ৭ উইকেটে ৩৩৩ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড ৪৩৮ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। বড় লক্ষ্য তাড়া করতে এসে ব্রাফেটকে (৫) হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ, চা-বিরতির আগে স্কোরবোর্ডে ৯/১।
প্রথম ইনিংসে রান না পাওয়া জোনাথন ট্রট দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে এসে আউট ৪ রান করে। অবসাদজনিত অসুস্থতা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা মোটেই মনে রাখার মতো হলো না ট্রটের। দলের দুঃসময়টা আরও দীর্ঘায়িত করে অধিনায়ক কুক আউট ১৩ রানে। এর আগে ১৯ রানে শেষ ৪ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করে ২৯৫। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করে ১১২ রানে অপরাজিত ছিলেন জার্মেইন ব্ল্যাকউড। অবশ্য তাঁর সেঞ্চুরিতে ভালো ‘অবদান’ আছে ইংলিশ ফিল্ডারদেরও। দ্বিতীয় দিনে স্লিপে ক্যাচ দিয়েও নো বলের সৌজন্যে বেঁচে যাওয়া এই ডানহাতি পরশু দ্বিতীয় জীবন পেয়েছেন ৪৩ রানে। এবার গালিতে ক্যাচ ছেড়েছেন জেমস ট্রেডওয়েল। তৃতীয় দিন শেষে ট্রেডওয়েলই (৪/৪৭) ইংল্যান্ডের সেরা বোলার। তথ্যসূত্র: ক্রিকইনফো, টেন ক্রিকেট।