ইংল্যান্ডের 'সুপার মো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঈন আলী l এএফপি
মঈন আলী l এএফপি

কয়েক সপ্তাহ আগেও তাঁর পরিচয় ছিল ইংল্যান্ডের সম্ভাবনাময় মিডল অর্ডার ব্যাটসম্যান, যিনি একটু-আধটু স্পিন বোলিংও করতে পারেন। সাউদাম্পটন টেস্টের দ্বিতীয় দিন ‘সেভ গাজা’ আর ‘ফ্রি প্যালেস্টাইন’ রিস্টব্যান্ড পরে মাঠে নামার পর বোঝা গেল, শুধু সম্ভাবনাময় ব্যাটসম্যান নন, ভেতরে ভেতরে তিনি ভীষণ মানবতাবাদীও। আইসিসির নির্দেশে সেই রিস্টব্যান্ড অবশ্য শেষ পর্যন্ত খুলে ফেলতে হয়েছিল, কিন্তু নিজের আরেকটা পরিচয় সবাইকে জানিয়ে দিলেন মঈন আলী।

কে জানত তাঁর আরও পরিচয় আছে! যে ভারতের ব্যাটিং লাইনআপ বিশ্বের যেকোনো স্পিনারকে সহজেই পড়ে ফেলার ব্যাপারে সুখ্যাত, তারাই মঈনের অফ স্পিনে নাকানি-চুবানি খেয়ে হারল সাউদাম্পটনে। সেটা হারতেই পারে, খণ্ডকালীন অফ স্পিনাররা বুঝি মাঝেমধ্যে ঝলসে উঠতে পারেন না!

সাউদাম্পটনে দুই ইনিংস মিলিয়ে তাঁর ৮ উইকেট পাওয়াটাকে যাঁরা ‘ঝড়ে বক মরা’ ভাবছিলেন, তাঁদের জবাব দেওয়ার জন্যই যেন পরশু ওল্ড ট্রাফোর্ডে আরও একবার বল হাতে জ্বলে উঠলেন মঈন আলী। সেটাও এমন সময়ে যখন তাঁকে দলের সবচেয়ে বেশি দরকার। ব্যাটিংয়ের সময় পাওয়া চোটের কারণে স্টুয়ার্ট ব্রড বল হাতেই নিতে পারেননি। ক্রিস জর্ডান আর ক্রিস ওকস প্রত্যাশার ধারেকাছে নেই। অ্যালিস্টার কুকের ভরসা বলতে একা জেমস অ্যান্ডারসন। ঠিক সেই সময়ে একাই ৪ উইকেট নিয়ে ভারতকে ধসিয়ে দিলেন মঈন আলী।

তৃতীয় দিন চা-বিরতি পর্যন্ত ১ উইকেটে ৩৩ রান করা ভারত পরের সেশনেই ৯ উইকেট হারিয়ে গুটিয়ে গেল ১৬১ রানে! বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও তিন দিনেই ভারতকে ইনিংস ও ৫৪ রানে হারাল ইংল্যান্ড। শেষ দিকে তিনি যতবার বোলিং করতে এসেছেন, ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে গর্জন উঠেছে, ‘মো, মো, সুপার মো’। মঈনের অফ স্পিনে আরও একবার ভারতকে দিশেহারা হতে দেখে জিওফ বয়কট-মাইকেল ভনরা পর্যন্ত বলে দিলেন, ‘মঈনকে এখন আর ব্যাটসম্যান বলা উচিত নয়। বলা উচিত একজন ম্যাচজয়ী স্পিনার যে ছয় নম্বরে ব্যাটও করতে পারে।’ নতুন আরও একটা পরিচয় পাওয়া গেল মঈন আলীর!

ব্যাটসম্যান পরিচয় ছাপিয়ে তাঁর বোলার পরিচয়টা বড় হয়ে ওঠার মূল কারণ অবশ্য এই সিরিজের পারফরম্যান্স। ইংলিশ কন্ডিশনে, যেখানে পেসারদের দাপটটাই স্বাভাবিক, সেই সিরিজে ৪ টেস্টে এ পর্যন্ত ১৯ উইকেট নিয়েছেন মঈন আলী। জেমস অ্যান্ডারসনের (২১ উইকেট) পর দ্বিতীয় সর্বোচ্চ। দুর্দান্ত এই পারফরম্যান্সের কারণে ম্যাচ শেষে অধিনায়ক কুকও তাঁর প্রশংসায় পঞ্চমুখ, ‘মঈন যেভাবে খেলছে, আমি অন্য কোনো তরুণ খেলোয়াড়কে এত জলদি উন্নতি করতে দেখিনি। উইকেটের সবটুকু সুবিধা কাজে লাগিয়ে ও অসাধারণ বল করেছে।’

মঈন শেষটা টেনেছেন বলেই আড়ালে চলে গেছেন স্টুয়ার্ট ব্রড। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে ভারতকে একাই ধসিয়ে দিয়েছেন ইংলিশ পেসার। শুধু আফসোস, নাক ভেঙে হাসপাতালে থাকায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে সশরীরে থাকতে পারেননি তিনি। এএফপি, বিবিসি।