ইউএনডিপির শুভেচ্ছাদূত হচ্ছেন মাশরাফি

এর আগে সাকিব আল হাসান হয়েছিলেন ইউনিসেফের শুভেচ্ছাদূত। এবার জাতিসংঘের আরেক সংস্থা ইউএনডিপির শুভেচ্ছাদূত হতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে ২৫ ফেব্রুয়ারি। ইউএনডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাল এই তথ্য জানানো হয়।
মাশরাফি জাতিসংঘের কিছু একটা হচ্ছেন, এই আলোচনা কাল সকাল থেকেই। মাশরাফি নিজেও জানিয়েছিলেন, জাতিসংঘ ঢাকা অফিস থেকে তাঁকে জাতিসংঘের শুভেচ্ছাদূত হওয়ার বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। তবে তখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানতেন না। সন্ধ্যায় ইউএনডিপির সংবাদ বিজ্ঞপ্তিতে কেটেছে সেই সংশয়।
জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গে গত কিছুদিনের আলোচনার সূত্র ধরেই শুভেচ্ছাদূত হিসেবে নিজের দায়িত্বটা বুঝতে পারছেন সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক, ‘শুনেছি, একটা দেশ থেকে এ রকম একজনকেই নেওয়া হয়। আর্জেন্টিনায় যেমন লিওনেল মেসি, শ্রীলঙ্কায় মুত্তিয়া মুরালিধরন। মাস খানেক ধরে আমার সঙ্গে কথা বলে এবং অনেক খোঁজখবর নিয়ে তারা এটি করেছে বলে শুনেছি।’