ইউনাইটেড সমর্থক যুবরাজকে চেলসি সমর্থক পিটারসেনের খোঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলোয়াড়ি জীবনে কেভিন পিটারসেন ও যুবরাজ সিং (ডানে)। ফাইল ছবি
খেলোয়াড়ি জীবনে কেভিন পিটারসেন ও যুবরাজ সিং (ডানে)। ফাইল ছবি
>ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ ইউনাইটেডের পাঁড় ভক্ত, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান পিটারসেন চেলসির। গতকাল এফএ কাপের সেমিফাইনালে চেলসির কাছে ৩-১ গোলে হেরে গেছে ইউনাইটেড। যুবরাজকে খোঁচা মারার দুর্দান্ত এই সুযোগ হাতছাড়া করতে চাননি পিটারসেন

ক্রিকেট মাঠে দুজনের লড়াইটা ছিল জমজমাট। ব্যাট হাতে ভালো করতে না পারলে কেভিন পিটারসেনের বিপক্ষে বল হাতে সেটি পুষিয়ে দেওয়ার চেষ্টা করতেন যুবরাজ সিং। পিটারসেনও যুবরাজকে হারাতে সব সময় থাকতেন মরিয়া। ভারত ও ইংল্যান্ডের এই দুই সাবেক ক্রিকেটারের দ্বৈরথ আছে ফুটবলেও। তবে সেটা মাঠে নয়, এখানে তাঁদের লড়াইটা সমর্থক সারিতে বসে।

ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ ইউনাইটেডের পাঁড় ভক্ত, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান পিটারসেন চেলসির। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের প্রায়ই তর্ক চলে। গতকাল এফএ কাপের সেমিফাইনালে চেলসির কাছে ৩-১ গোলে হেরে গেছে ইউনাইটেড। যুবরাজকে খোঁচা মারার দুর্দান্ত এই সুযোগ হাতছাড়া করতে চাননি পিটারসেন। ম্যাচ শেষ হওয়ার পর টুইট করেছেন, ‘হাই ইয়ুভি, তুমি ঠিক আছ তো বন্ধু?!’

প্রিয় দল না হয় হেরে গেছে, কিন্তু প্রতিদ্বন্দ্বীর খোঁচা খেয়ে কি বসে থাকা যায়! খেলোয়াড়ি জীবনের মতোই এক বলে পিটারসেনের কাছে চার খেলে পরের বলটাতে যেমন কৌশলী হতেন, এখানেও সেটাই করেছেন যুবরাজ। পিটারসেনের টুইটে উত্তর দিয়েছেন, ‘হা হা...না বন্ধু আমি ঠিক নেই। নিজের গালে নিজেই থাপ্পড় মারছি।’

পিটারসেনও ছাড়বার পাত্র নন। ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান লিখলেন, ‘একটু পরখ করে দেখছিলাম আর কী। সপ্তাহ কয়েক আগে তোমার সঙ্গে অনেক কথা হয়েছে। তাই একটু পরীক্ষা করে দেখছিলাম তুমি এখনো চ্যাট করতে চাও কি না?! আশা করছি এই শোক দ্রুতই কাটিয়ে উঠবে।’ একই সঙ্গে যুবরাজকে একটি নিমন্ত্রণও দিয়ে রেখেছেন পিটারসেন, ‘আমার অতিথি হিসেবে তুমি যে কোনো সময়ই চ্যাম্পিয়নস লিগ দেখতে চলে আসতে পার।’

বেচারা যুবরাজ আর কী বলবেন, পরের ‘বল’টি শুধু ভালো লেন্থে করলেন। পিটারসেনের শেষ কথাগুলোর উত্তরে বলেছেন, ‘হুমমমম, দেখি কী হয়। আমরা কখনো হতাশ হই না, আশা ছাড়ি না। আমরা ম্যান ইউনাইটেড।’