ইউনিস খান নন 'ইউনিক খান!'
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেওয়া ইউনিস খানকে নিয়ে আপ্লুত শোয়েব আখতার। সাবেক সতীর্থের নাম বদলে ‘ইউনিক খান’ রাখা উচিত বলে মনে করেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার!
প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে নয় হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে ২৩ রান করতে পারলেই হয়ে যাবেন দশ হাজার রান করা প্রথম পাকিস্তানি ক্রিকেটার। ইউনিস তো সেদিক থেকে পাকিস্তানের ক্রিকেটে অনন্য একজনই। শোয়েব অবশ্য এর জন্য ইউনিসকে ‘ইউনিক’ বলছেন না। পাকিস্তানের ক্রিকেটে তাঁর যে নিবেদন, সেটাই মুগ্ধ করেছে শোয়েবকে। এর জন্যই ইউনিসকে এমন নাম দিতে চান ‘পিন্ডি এক্সপ্রেস’। পরপর তিনটি টুইট করেছেন শোয়েব। যার প্রথমটিতে লিখেছেন, ‘দেশের ক্রিকেটের জন্য সে যেমন নিঃস্বার্থ আর সৎ, তাতে ইউনিস খানের নাম বদলে “ইউনিক খান” হওয়া উচিত বলে মনে করি আমি।’
খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও ইউনিসকে পাকিস্তানের ক্রিকেটের সঙ্গেই দেখতে চান শোয়েব, ‘ইউনিস খানের এই অবসর নেওয়াকে শেষ হিসেবে দেখা উচিত নয়। তাকে পিসিবিতে কোনো ভূমিকা দেওয়া উচিত। তার যে অভিজ্ঞতার ভান্ডার, সেটার সুবিধা নিতে হবে। তার সম্মানে ৭৫ নম্বর জার্সিটিকে অবসর দেওয়া যাক।’ ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ক্রিকেটকে বিদায় জানাবেন মিসবাহ-উল-হকও। এই দুজনকে শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামও, ‘ইউনিস আর মিসবাহর মতো খেলোয়াড়ের বিকল্প পাওয়া কঠিন হবে। তাদের ছাড়া টেস্টে কঠিন সংগ্রামই করতে হবে পাকিস্তানকে।’
২০০৯ সালে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইউনিসের নেতৃত্বেই। ইউনিসের মাহাত্ম্য বোঝাতে গিয়ে সেই সময়টাকে মনে করেছেন শহীদ আফ্রিদি, ‘ইউনিস আমাদের কিংবদন্তিদের একজন। এমন গর্বের সঙ্গে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ধন্যবাদ। বিশেষ করে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় একসঙ্গে কাটানো মুহূর্তগুলো সব সময়ই মনে রাখব আমি।’ এএনআই।