ইউনিস মুগ্ধ এই বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে মুগ্ধ না হয়ে পারলেন না ইউনিসও।ছ​বি এএফপি
বাংলাদেশে মুগ্ধ না হয়ে পারলেন না ইউনিসও।ছ​বি এএফপি

গতকাল দুপুরের কথা। বৈশাখের ভরদুপুরে আকাশে মেঘের আনাগোনা। অবশ্য বাংলাওয়াশের পর পাকিস্তানি খেলোয়াড়দের মুখেও মেঘের আনাগোনা! গরমটা ভীষণ বেড়েছে। শরীর থেকে ঘাম ঝরছে দরদর করে। এ গরমে ঘেমে-নেয়ে একাকার ইউনিস খান! তবুও ইনডোরে একাগ্রচিত্তে চালিয়ে যাচ্ছেন ব্যাটিং অনুশীলন। ২৮ এপ্রিল খুলনায় শুরু হবে প্রথম টেস্ট। ইউনিস এরই মধ্যে শুরু করেছেন টেস্টের প্রস্তুতি। ব্যাটিং অনুশীলনের ফাঁকেই চক্কর দিতে পায়ে প্যাড পড়ে চলে এলেন মাঠে। ডাক দিতেই দাঁড়ালেন।
বাংলাদেশের বিপক্ষে ২০ ওয়ানডে খেলেছেন ইউনিস, ৩১. ৮৭ গড়ে করেছেন ৫১০ রান। সে ম্যাচগুলোয় বলার মতো তেমন কিছু না করতে পারলেও দলকে কখনো হারতে দেখেননি। সেই বাংলাদেশ দিল ধবলধোলাইয়ের বিরাট লজ্জা। এ বাংলাদেশে অবাক ইউনিস? আকর্ণ হাসলেন। বললেন, ‘না, ঠিক অবাক নই। অবাক হব কেন? বাংলাদেশ অসাধারণ খেলছে। দুর্দান্ত খেলছে। বাংলাদেশ তো ওয়ানডে খেলছে সেই...’ মাথা চুলকালেন। সালটা ঠিক মনে করতে পারলেন না। ধরিয়ে দেওয়া হলো, ১৯৮৬ সাল থেকে। সায় দিয়ে যোগ করলেন, ‘...এত দিনের পরিশ্রমের ফল তারা পাচ্ছে।’
ওয়ানডেতে ভালো না করতে পারলেও টেস্টে বেশ কবার বাংলাদেশের দেয়াল হয়ে দাঁড়িয়েছেন পাকিস্তানের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরিয়ান ইউনিস। ৫ টেস্টে ৮৩.৬০ গড়ে করছেন ৪১৮ রান। পেয়েছেন দুই সেঞ্চুরি। ২০১১ সালের ডিসেম্বরে চট্টগ্রাম টেস্টে তাঁর অপরাজিত ২০০ রানের ইনিংসটা নিশ্চয় ভুলে যাওয়ার কথা নয়। ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের পর টেস্টে বাংলাদেশের বিপক্ষে লড়াইটা কেমন হবে? জবাবে ইউনিস কেবল বললেন, ‘অবশ্যই দারুণ হবে।’
নেটে ইউনিসকে নিয়ে কাজ করছিলেন কোচ ওয়াকার ইউনিস। এমনিতে বেশ মেজাজি পাকিস্তান কোচ। এর মধ্যে আবার ইউনিস তাঁকে না জানিয়েই নেট থেকে বেরিয়ে এসেছেন। রাগে খানিকক্ষণ গজরাতে থাকলেন। স্পিন কোচ মুশতাক আহমেদকে নির্দেশ দিলেন ইউনিসকে নেটে ফিরিয়ে আনতে। এমন মুহূর্তে এক ভক্ত সেলফি তোলার আবদার করে বসলেন ওয়াকারকে! ভক্তের সেলফি চাহিদা মেটাতে মেটাতে ওয়াকারের স্বগতোক্তি, ‘এক কাজের মধ্যে আরেক কাজ, পুরো দুনিয়াটা এমন হয়ে গেছে! ’