ইউনিসকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না ইউনিস। ছবি-ফাইল ছবি।
ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না ইউনিস। ছবি-ফাইল ছবি।

নিজেই বুঝতে পেরেছিলেন, কাজটা ঠিক হয়নি। ফোন করে নিজের আচরণের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানের কাছে ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু তাও পার পেলেন না ইউনিস খান। বিতর্কিত কাণ্ড ঘটিয়ে মাঝপথে পাকিস্তান কাপ ছেড়ে চলে যাওয়ার জন্য তাঁকে কারণ দর্শানো নোটিশ পাঠিয়েছে পিসিবি। 

পাকিস্তানের চলমান ঘরোয়া টুর্নামেন্ট পাকিস্তান কাপে খাইবার পাখতুনখার দলের অধিনায়ক হিসেবে খেলছিলেন ইউনিস খান। ওই টুর্নামেন্টেই বেশ কয়েকবার আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন তোলেন ইউনিস। এমনকি একটা ম্যাচের আগে আম্পায়ারের সঙ্গে বাগ্‌বিতণ্ডাও হয় তাঁর। পরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়, ডাকা হয় শুনানির জন্য। কিন্তু ইউনিস সেসব পাত্তা না দিয়ে টুর্নামেন্ট বয়কট করে চলে যান নিজের শহর করাচিতে।
ইউনিসের মতো একজন সিনিয়র খেলোয়াড় এমন আচরণ করায় তাঁর কড়া সমালোচনা করেন জাভেদ মিয়াঁদাদসহ আরও অনেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার। এ ব্যাপারে পিসিবিও শক্ত অবস্থান নিতে যাচ্ছে বুঝতে পেরে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানকে ফোন করে ক্ষমা চেয়েছিলেন ইউনিস। সেই সঙ্গে আবার যোগ দিতে চেয়েছিলেন পাকিস্তান কাপে।
কিন্তু সেটি আপাতত আর হচ্ছে না। তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে জানিয়ে শাহরিয়ার খান আরও বলেন, ‘ইউনিস দীর্ঘদিন ধরেই পাকিস্তানের ক্রিকেটের জন্য নিবেদিতপ্রাণ। তরুণদের জন্য সত্যিকারের আদর্শও। এই সিদ্ধান্ত নিতে আমার কষ্ট হয়েছে, তবে মনে রাখতে হবে খেলার চেয়ে বড় কেউই নয়।’
সাত দিনের মধ্যে ইউনিসকে নিজের অবস্থান ব্যাখ্যা করে এই নোটিশের জবাব দিতে হবে বলে জানানো হয়েছে পিসিবির এক বিবৃতিতে।
এদিকে একই টুর্নামেন্টে একটা ম্যাচের সময় ড্রেসিং রুমের কাচ ভেঙেছেন আহমেদ শেহজাদ, তরুণ খেলোয়াড়দের নিয়ে মঞ্চনাটক দেখতে গিয়ে সমালোচিত হয়েছেন উমর আকমল। এ দুটি ঘটনার তদন্ত হচ্ছে বলে জানানো হয়েছে পিসিবির বিবৃতিতে। এএফপি।