প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের চলমান ঘরোয়া টুর্নামেন্ট পাকিস্তান কাপে খাইবার পাখতুনখাওয়া দলের অধিনায়ক হিসেবে খেলার সময় আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যে কারণে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইউনিস খানকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়, ডাকা হয় শুনানিতে। কিন্তু ইউনিস সেসব পাত্তা না দিয়ে টুর্নামেন্ট বয়কট করে চলে যান করাচিতে। তবে পরে ফোন করে নিজের আচরণের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানের কাছে ক্ষমাও চেয়েছিলেন ইউনিস। কিন্তু তা-ও পার পেলেন না। মাঝপথে টুর্নামেন্ট ছেড়ে চলে যাওয়ার জন্য তাঁকে কারণ দর্শানো নোটিশ দেয় পিসিবি। নোটিশের জবাবে দ্বিতীয় দফায় ক্ষমা চেয়েছেন ইউনিস। তাতে অবশ্য কাজ হয়েছে, দলে ফেরার সুযোগ পেয়েছেন। এএফপি।