ইউনিসকে পেছনে ফেললেন চান্ডিমাল

চার বছর আগে এই ডিসেম্বরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের শুরু। ডারবানের সেই টেস্টের দুই ইনিংসেই ফিফটি করে অভিষেকটা রাঙিয়ে রেখেছিলেন। একটা বার্তাও হয়তো দিয়ে রেখেছিলেন, শ্রীলঙ্কান ক্রিকেটের ভবিষ্যৎটাও এভাবে রাঙিয়ে দেবেন। কতটুকু কী করতে পারবেন, সেটি সময় বলতে পারবে। তবে আপাতত দেখে মনে হচ্ছে, ৪ বছরেই সেই রাস্তাটা চিনে ফেলেছেন দীনেশ চান্ডিমাল।
টেকনিকের বিচারে বর্তমান শ্রীলঙ্কা দলে সম্ভবত সেরা। টেম্পারামেন্ট, ক্রিজে তাঁর পরিপক্বতাও অনেকটা সাঙ্গাকারা-জয়াবর্ধনে উত্তর শ্রীলঙ্কার জন্য আশার বাণী হয়ে এসেছে। ডানেডিনে আজ নিউজিল্যান্ডের বিপক্ষেও আরেকবার তার প্রমাণ রাখলেন চান্ডিমাল। পুরো দিনে কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে যখন অন্য সবাই খাবি খেয়েছেন, তখন মাথা ঠান্ডা রেখে এক প্রান্ত থেকে দলকে ভরসা দিয়ে গেছেন। দিন শেষে অপরাজিত ২০৮ বলে ৮৩ রানে। তাঁর সঙ্গে উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুণারত্নেরও আশি পেরোনো ইনিংসে দিন শেষে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ১৯৭। শ্রীলঙ্কা এখনো পিছিয়ে আছে ২৩৪ রানে।
আজকের এই ইনিংসে একটা ব্যক্তিগত অর্জনও হয়ে গেছে চান্ডিমালের। ২০১৫ সালে এশিয়ান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি রান এখন তাঁর। ১৭ টেস্টে ৭৯২। চান্ডিমাল রানের সংখ্যায় পেছনে ফেলে দিয়েছেন ইউনিস খানকে। অবশ্য পাকিস্তানি ব্যাটসম্যান ৩টি টেস্ট কম খেলেছেন। ১৪ টেস্টে ইউনিসের রান ৭৮৯। টেস্ট ইতিহাসে এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটা অবশ্য চান্ডিমাল-ইউনিসদের নাগালের অনেক বাইরে। সেটিও এশিয়ারই এক খেলোয়াড়েরই। ২০০৬-এ অবিশ্বাস্য একটি বছর কাটানো মোহাম্মদ ইউসুফ ১১ টেস্টে করেছিলেন ১৭৮৮ রান। পেছনে ফেলেছিলেন স্যার ভিভ রিচার্ডসের তারও ৩০ বছর আগের রেকর্ড। ১৯৭৬ সালে ভিভ রিচার্ডস ১১ টেস্টে করেছিলেন ১৭১০।তবে চান্ডিমালের ছোট্ট এই রেকর্ড গড়ার দিনটা খুব একটা স্বস্তি নিয়ে শেষ করতে পারেনি শ্রীলঙ্কা। ইনিংসের শুরুতেই ২৯ রানের মধ্যে ওপেনার কুশল মেন্ডিস ও অভিষিক্ত উদারা জয়াসুন্দারাকে হারিয়েছিল তারা।
আরেক ওপেনার করুণারত্নের সঙ্গে মিলে দলকে সেই ধাক্কা কাটাতে সাহায্য করেন চান্ডিমাল। দুজনে মিলে তৃতীয় উইকেটে গড়েছিলেন ১২২ রানের জুটি। তবে এই জুটি গড়তে দুজনে মিলে কাটিয়ে দেন প্রায় ৪৯ ওভার! পুরো দিন জুড়ে যে ওভারপ্রতি ২.৫১ রান করে এসেছে, তাতে এই দুজনেরই অবদান বেশি। অথচ ইউনিভার্সিটি ওভালের এই একই পিচে কাল নিউজিল্যান্ড ওভারপ্রতি ৪.৫৪ রান তুলেছিল!
করুণারত্নে-চান্ডিমালের এই পাথুরে ব্যাটিংয়ের পর দিন শেষে লঙ্কানরা যে অস্বস্তি নিয়ে ফিরেছে, তার কারণ চা বিরতির পরের ২০ বলের ছোট্ট একটা ধাক্কা। ৮৪ রান করে করুনারত্নে আউট হয়ে হওয়ার ২০ বল পর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসও ফিরে গেছেন কিউই উইকেটরক্ষক ওয়াটলিংয়ের হাতে ক্যাচ দিয়ে। চার কিউই বোলার বোল্ট, সাউদি, ওয়াগনার ও স্যান্টনার শ্রীলঙ্কার ৪ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। অবশ্য দিনের পরের অংশটুকু ভিতানাগেকে সঙ্গে নিয়ে ভালোভাবেই পার করে দিয়েছেন চান্ডিমাল। কাল এই দুজনের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে শ্রীলঙ্কা।
এর আগে দিনের শুরুতে ৬ ওভার ১ বলের মধ্যেই আগের দিনের ‘অসমাপ্ত’ কাজটা শেষ করেছিল লঙ্কান বোলাররা। ৮ উইকেটে ৪০৯ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ডকে অলআউট করে দিয়েছিল আর ২০ রানের মধ্যেই। নুয়ান প্রদীপ নিয়েছেন ৪ উইকেট। তথ্যসূত্র: ক্রিকইনফো।